Monday, May 18, 2026

ভোটের আগে মাজারে যান, হামলার সময় পাশে থাকেন না কেউ: এবি পার্টির চেয়ারম্যান


ছবিঃ প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

রাজধানীর শাহ আলীর মাজারে হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক নেতাকে মাজারে যেতে দেখা গেলেও মাজারে হামলার ঘটনায় তাদের অনেককে নীরব থাকতে দেখা যায়।

রোববার সকালে রাজধানীর মিরপুরে শাহ আলীর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। সাধু-গুরু-ভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদ এবং ভাব বৈঠকী সভা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশের বিভিন্ন স্থানে মাজার ও মাজারভক্তদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক। তিনি এসব ঘটনাকে ভিন্নমতের মানুষের ওপর আক্রমণ হিসেবে উল্লেখ করে সকল শ্রেণি-পেশার মানুষকে বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, অনেক মানুষ ছোটবেলায় ধর্মীয় আবেগ থেকে মাজার জিয়ারত করেছেন কিংবা মোমবাতি জ্বালিয়েছেন। পরে ধর্মীয় ব্যাখ্যা ও আলেমদের বক্তব্য শুনে কেউ কেউ সেসব থেকে সরে এসেছেন। কিন্তু কখনোই আলেম সমাজ হামলা বা বলপ্রয়োগের মাধ্যমে এসব বন্ধ করতে উৎসাহ দেয়নি।

এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, ইসলামের মূল শিক্ষা হলো যুক্তি ও সংলাপের মাধ্যমে মানুষকে বোঝানো। ভিন্ন মতের মানুষের ওপর হামলা, ভয়ভীতি বা শক্তি প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

সমাবেশ থেকে দেশের বিভিন্ন মাজারে নিরাপত্তা জোরদারের দাবিও জানানো হয়। মজিবুর রহমান মঞ্জু সারা দেশের গুরুত্বপূর্ণ মাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আহ্বান জানান। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান প্রশাসনের উচ্চপর্যায় থেকে শুরু করার দাবি তোলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। সমাবেশে আরও বক্তব্য দেন সরোয়ার তুষার, ফরিদুল হকসহ অন্যরা। এতে মাজারভক্ত, সাধক, বাউল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন