Monday, May 18, 2026

ঢাকা–সিলেট মহাসড়কসহ দুই স্থানে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল, পুলিশি তৎপরতা


ফাইল ছবিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও উত্তেজনা সৃষ্টি করে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। রোববার সকালে পৃথক দুই এলাকায় এসব মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোনতলা সেতুর ওপর মুখে মাস্ক পরিহিত কয়েকজন যুবক হঠাৎ মিছিল বের করেন। স্থানীয়দের ভাষ্য, সকালবেলায় ৩০ থেকে ৩৫ জনের একটি দল সেখানে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। কয়েক মিনিটের মধ্যেই তারা দ্রুত এলাকা ত্যাগ করে।

ঘটনার ভিডিও পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে অংশগ্রহণকারীদের মুখ ঢাকা থাকায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সূত্রে বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। কারা মিছিলে অংশ নিয়েছে, তা শনাক্তে কাজ চলছে।

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে আরেকটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ মো. মুন্নার নেতৃত্বে ১৩ থেকে ১৪ জন ওই মিছিলে অংশ নেন।

দুপুরে ওই মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা শুরু হয়। ভিডিওতে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্লোগান দিতে দেখা যায়।

এ ঘটনায় অভিযান চালিয়ে মো. বিশাল (২০) নামে এক তরুণকে আটক করেছে সরাইল থানা পুলিশ। পুলিশ জানায়, তিনি ওই মিছিলে অংশ নিয়েছিলেন এবং পূর্বে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া জানান, শেখ মুন্না বর্তমানে ঢাকায় অবস্থান করেন। তিনি রোববার সকালে গাড়িবহর নিয়ে এলাকায় এসে মিছিল করে দ্রুত চলে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এদিকে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে রোববার রাত আটটার দিকে সরাইল উপজেলা সদরে ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি থানা এলাকায় গিয়ে শেষ হয়। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ঘটনাগুলোকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন