- ১৮ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঝিনাইদহ
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই সঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে নিজ বাড়িতে ধান উড়ানোর সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন গাগান্না গ্রামের মৃত তের আলী খাঁর ছেলে মজিবর খাঁ (৬০) এবং তার স্ত্রী মোমেনা বেগম (৫৫)।
স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, সকালে বাড়ির উঠানে ইলেকট্রিক ফ্যানের সাহায্যে ধান পরিষ্কার করছিলেন মজিবর খাঁ। একপর্যায়ে ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর সেটি চালু না হলে তিনি ফ্যানটি পরীক্ষা করতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
বিদ্যুতের ঝাঁকুনিতে ফ্যানটি মজিবরের শরীরের ওপর পড়ে যায়। স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তার স্ত্রী মোমেনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।
হঠাৎ এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের মাতম শুরু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।