Wednesday, October 21, 2026

চট্টগ্রামে সম্মেলনে নিজের শারীরিক অবস্থা জানালেন জামায়াত আমির


ফাইল ছবিঃ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মুখে দেখা দেওয়া লাল দাগের কারণ জানিয়েছেন তিনি নিজেই। লেজার সার্জারি করানোর কারণে মুখে এ দাগ হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের এই নেতা।

মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আয়োজিত সাবেক সাথি-সদস্য সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা জানান।

শফিকুর রহমান বলেন, চিকিৎসক তাঁকে এক সপ্তাহ বাসায় বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তবে বিভিন্ন কর্মসূচি ও ব্যস্ততার কারণে সেই পরামর্শ অনুযায়ী বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছেন না তিনি।

নিজের মৃত্যু ও পরকাল প্রসঙ্গেও বক্তব্য দেন জামায়াতের আমির। তিনি বলেন, আল্লাহ যখন তাঁর দুনিয়া থেকে বিদায়ের সময় নির্ধারণ করবেন, তখন পরবর্তী জীবনের ঠিকানায় যেন তাঁর জন্য আরামদায়ক বিছানার ব্যবস্থা থাকে।

মৃত্যুর পর তাঁর কী পরিণতি হবে, তা নিয়ে কোনো দুশ্চিন্তা বা আক্ষেপ নেই বলেও জানান তিনি। কোথায় এবং কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হবে, জানাজা অনুষ্ঠিত হবে কি না কিংবা তাঁর কবরের সন্ধান পাওয়া যাবে কি না এসব বিষয় তাঁর জানা নেই বলে উল্লেখ করেন তিনি।

শফিকুর রহমান আরও বলেন, দ্বীনের পথে চলতে গিয়ে কাক-পক্ষীসহ বিভিন্ন প্রাণী তাঁর দেহ টুকরো টুকরো করে খেলেও তাতে তাঁর কোনো আক্ষেপ থাকবে না। তাঁর চলার পথ যেন আল্লাহর পথে থাকে এবং সব কাজ যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এমন প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি।

সম্মেলনে দেওয়া বক্তব্যে তাঁর কথার মূল সুর ছিল ধর্মীয় আদর্শ অনুসরণ এবং আল্লাহর সন্তুষ্টিকে জীবনের প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন