Thursday, August 20, 2026

বাবার মৃত্যুর পর প্রথম গোল, আকাশের দিকে হাত তুলে মেসির আবেগঘন উদযাপন


ছবিঃ ফিলাডেলফিয়া ম্যাচে লিওনেল মেসি (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বাবা হোর্হে মেসির মৃত্যুর পর মাঠে ফিরেছিলেন দ্রুতই। তবে প্রথম দুই ম্যাচে গোলের দেখা পাননি লিওনেল মেসি। অবশেষে বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে গোল করে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালেন আর্জেন্টাইন মহাতারকা। গোলের পর আকাশের দিকে দুই হাত তুলে বাবাকে স্মরণ করেন তিনি।

ম্যাচে মেসির গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও ছিল। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে ইন্টার মায়ামি একসময় এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ফিলাডেলফিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে।

সুবারু পার্কে ম্যাচের ২৬ মিনিটে বাঁ পায়ের শটে গোলটি করেন মেসি। এর আগে ইন্টার মায়ামির প্রথম গোলেও তাঁর অবদান ছিল। সতীর্থ ড্যানিয়েল পিন্টারের গোলে সহায়তা করেন তিনি। পরে গোল করার পর সতীর্থরা তাঁকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করলেও মেসির উদযাপনে ছিল গভীর আবেগ।

গত ৮ আগস্ট আর্জেন্টিনার রোজারিওতে ৬৮ বছর বয়সে মারা যান মেসির বাবা হোর্হে মেসি। দীর্ঘ ক্যারিয়ারে বাবাই ছিলেন তাঁর অন্যতম প্রধান ভরসার জায়গা। ছোটবেলা থেকে মেসির ফুটবলজীবনের নানা গুরুত্বপূর্ণ সময়ে পাশে ছিলেন হোর্হে। দীর্ঘ সময় ছেলের এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বাবার মৃত্যুর পর আবেগঘন এক বার্তায় হোর্হের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার কথা জানিয়েছিলেন মেসি। ব্যক্তিগত শোকের মধ্যেও দ্রুত মাঠে ফিরতে হয়েছিল তাঁকে। তবে প্রত্যাবর্তনের পর প্রথম দুই ম্যাচে গোল পাননি তিনি। লিগস কাপে লিওনের কাছে হারের পর এমএলএসে ন্যাশভিলের বিপক্ষেও বড় ব্যবধানে হারে মায়ামি। ওই ম্যাচে একটি পেনাল্টিও মিস করেন মেসি।

ফিলাডেলফিয়ার বিপক্ষে গোলটি তাই শুধু মায়ামির জন্য গুরুত্বপূর্ণ ছিল না, মেসির জন্যও ছিল বিশেষ এক মুহূর্ত। বাবাকে হারানোর মাত্র ১১ দিন পর পাওয়া এই গোলের মাধ্যমে মাঠে নিজের আবেগকে যেন শ্রদ্ধাঞ্জলিতে রূপ দিলেন তিনি।

এই গোলের ফলে চলতি এমএলএস মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। গোল্ডেন বুটের দৌড়ে তিনি এখন শীর্ষে থাকা পেতার মুসার চেয়ে মাত্র এক গোল পিছিয়ে। একই সঙ্গে মেসির গোল ও অ্যাসিস্টে ইন্টার মায়ামি টানা তিন ম্যাচের পরাজয়ের ধারাও থামাতে সক্ষম হয়েছে।

তবে জয় না পাওয়ায় পুরোপুরি স্বস্তি ফেরেনি মায়ামি শিবিরে। ২-২ গোলের ড্রয়ে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। ম্যাচে মেসির ব্যক্তিগত পারফরম্যান্স অবশ্য আবারও প্রমাণ করেছে ব্যক্তিগত শোকের কঠিন সময়েও দলের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন