- ২০ আগস্ট, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর নিয়ে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছিল। অবশেষে সেই গুঞ্জনকে সরাসরি নাকচ করে দিয়েছেন কিংবদন্তি এই সাবেক লেফটব্যাক। তিনি জানিয়েছেন, ইসলাম গ্রহণের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) গোল ডটকমের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
সৌদি সংবাদপত্র ওকাজকে দেওয়া এক সাক্ষাৎকারে রবার্তো কার্লোস নিজের ধর্মীয় বিশ্বাস নিয়ে ছড়িয়ে পড়া নানা আলোচনা সম্পর্কে কথা বলেন। তিনি ইসলামের প্রতি গভীর শ্রদ্ধার কথা জানিয়ে বলেন, তাঁর স্ত্রীকে নামাজ পড়তে দেখা তাঁর কাছে ভালো লাগে। তবে নিজে ইসলাম গ্রহণ করেছেন এমন খবর সত্য নয়।
সম্প্রতি তুরস্কের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কার্লোসের ধর্ম পরিবর্তন নিয়ে নানা দাবি ছড়িয়ে পড়ে। এর পেছনে ছিল কয়েকটি ছবি ও তাঁর ব্যক্তিগত জীবনের কিছু ঘটনা।
কয়েক সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তি শেখ জিহাদ হামাদের সঙ্গে রবার্তো কার্লোসের সাক্ষাতের খবরও প্রকাশিত হয়। পরে অনলাইনে এমন কিছু ছবি ছড়িয়ে পড়ে, যেখানে একজন কাজির উপস্থিতিতে ইসলামি রীতিতে একটি বিয়ের অনুষ্ঠান হতে দেখা যায় এবং সেখানে কার্লোসকেও দেখা যায়। সেখান থেকেই তাঁর ইসলাম গ্রহণের গুঞ্জন আরও জোরালো হয়।
সম্প্রতি মরক্কোর ব্যবসায়ী সোহাইলা তাহিরিকে বিয়ে করেছেন রবার্তো কার্লোস। বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় রীতির উপস্থিতিও সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি করে।
বিয়েকে ঘিরে ছড়িয়ে পড়া আলোচনা পরিষ্কার করে রবার্তো কার্লোস জানান, তাঁদের বিয়ের আয়োজন একাধিক পর্বে হয়েছিল। পরিবারের সদস্যদের ধর্মীয় বিশ্বাসের কথা বিবেচনায় রেখে একটি অনুষ্ঠান করা হয়, যেখানে তাঁরা ক্যাথলিক রীতিনীতি অনুসরণ করেন। পাশাপাশি তাঁর স্ত্রী ও তাঁর মুসলিম বন্ধুদের জন্য আলাদা একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।
এই ব্যাখ্যার মাধ্যমে নিজের ইসলাম গ্রহণের খবরটি যে সত্য নয়, সেটি স্পষ্ট করে দেন সাবেক এই ব্রাজিলিয়ান তারকা।
ফুটবল ক্যারিয়ারে রবার্তো কার্লোসের অর্জনের তালিকাও বেশ সমৃদ্ধ। ব্রাজিলের হয়ে ২০০২ সালের বিশ্বকাপ জেতার পাশাপাশি ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন তিনি। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও উয়েফা সুপার কাপসহ একাধিক শিরোপা জিতেছেন।
দুর্দান্ত গতি, শক্তিশালী বাঁকানো ফ্রি-কিক এবং আক্রমণাত্মক ফুটবলের জন্য বিশ্বজুড়ে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন রবার্তো কার্লোস। মাঠের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও তাঁর ভক্তদের আগ্রহ রয়েছে। তবে ইসলাম গ্রহণ নিয়ে সাম্প্রতিক গুঞ্জন সম্পর্কে তাঁর সরাসরি বক্তব্যের পর সেই জল্পনার অবসান ঘটেছে।