- ২১ আগস্ট, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বিশ্বকাপের অতিরিক্ত বাণিজ্যিকীকরণ এবং ফিফায় বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা নিয়ে একের পর এক সমালোচনার মুখে পড়ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এবার সরাসরি তার পদত্যাগ দাবি করেছে বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল সমর্থকদের সংগঠনগুলো।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে একটি আন্তর্জাতিক পিটিশনে সমর্থন জানিয়েছে ফুটবল সমর্থকদের বেশ কয়েকটি সংগঠন। পিটিশনটি প্রকাশ করা হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম চেঞ্জ ডট ওআরজিতে। এতে ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা, নির্বাহী ক্ষমতার ওপর কার্যকর নিয়ন্ত্রণ এবং সংস্থাটির জবাবদিহি নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।
পিটিশনে ইতোমধ্যে ২৮ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।
সমর্থকদের ইউরোপীয় সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) এই উদ্যোগে যুক্ত হয়েছে। পাশাপাশি আফ্রিকার ফুটবল সমর্থকদের সংগঠন ফুটবল সাপোর্টার্স আফ্রিকা এবং উত্তর আমেরিকার ইন্ডিপেনডেন্ট সাপোর্টার্স কাউন্সিলও পিটিশনটিতে সমর্থন জানিয়েছে। বিভিন্ন দেশের আরও কয়েক ডজন সমর্থক সংগঠন এতে একাত্মতা প্রকাশ করেছে।
ইনফান্তিনোর বিরুদ্ধে সমর্থকদের ক্ষোভের মূল কারণ বিশ্বকাপের মালিকানা ও বাণিজ্যিক ব্যবস্থাপনা নিয়ে তার সাম্প্রতিক পরিকল্পনা। গত মাসে বিশ্বকাপের মালিকানার একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে দেওয়ার প্রস্তাব দেন ফিফা সভাপতি। প্রস্তাবটি সামনে আসার পর থেকেই এর বিরোধিতা করে আসছে এফএসইসহ বিভিন্ন সমর্থক সংগঠন।
সমর্থকদের বক্তব্য, বিশ্বকাপ কেবল ফিফার আয়-উপার্জনের একটি মাধ্যম নয়; এটি বিশ্বের কোটি কোটি মানুষের সঙ্গে যুক্ত একটি সামাজিক ও সাংস্কৃতিক সম্পদ। ফলে বেসরকারি বিনিয়োগকারীদের হাতে এর নিয়ন্ত্রণ বা বাণিজ্যিক সুবিধা তুলে দেওয়ার উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পিটিশনে ইনফান্তিনোর পরিকল্পনার তীব্র সমালোচনা করে বলা হয়েছে, বিশ্বকাপকে বেসরকারি বিনিয়োগের আওতায় নেওয়ার চেষ্টা ফুটবলের প্রতি সমর্থকদের দীর্ঘদিনের আস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
সমর্থক সংগঠনগুলোর দাবি শুধু ইনফান্তিনোর পদত্যাগের মধ্যেই সীমাবদ্ধ নয়। ফিফার কাঠামোতে দীর্ঘমেয়াদি সংস্কারেরও আহ্বান জানানো হয়েছে।
পিটিশনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা, নির্বাহী ক্ষমতার ওপর কার্যকর নজরদারি প্রতিষ্ঠা এবং ফিফার ভেতরে জবাবদিহির ব্যবস্থা শক্তিশালী করার দাবি জানানো হয়েছে।
সমর্থকদের অভিযোগ, ফিফার বর্তমান স্বনিয়ন্ত্রণ কাঠামো অতীতে একাধিকবার পর্যাপ্ত জবাবদিহি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এ কারণে ফুটবল পরিচালনাকারী বিশ্বের সর্বোচ্চ সংস্থাটির ওপর মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় কাঠামোগত পরিবর্তন প্রয়োজন।
বিশ্বকাপের মতো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আয়োজনের বাণিজ্যিক ভবিষ্যৎ কীভাবে নির্ধারিত হবে, তা নিয়ে এরই মধ্যে ফুটবল অঙ্গনে আলোচনা তীব্র হয়েছে। ইনফান্তিনোর পরিকল্পনার বিরুদ্ধে সমর্থকদের এই সম্মিলিত অবস্থান সেই বিতর্ককে আরও সামনে নিয়ে এসেছে।