- ১৮ আগস্ট, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
দীর্ঘ অপেক্ষার পর স্বস্তির খবর পেয়েছে ঢাকা আবাহনী। বিদেশি ফুটবলারের পাওনা পরিশোধ করায় ফিফার দেওয়া নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবটি। সোমবার শেষ নিষেধাজ্ঞাটিও প্রত্যাহার করে ফিফা এবং রেজিস্ট্রেশন ব্যান তালিকা থেকেও আবাহনীর নাম সরিয়ে দেওয়া হয়েছে।
তবে নিষেধাজ্ঞা কাটার আনন্দের মধ্যেই নতুন সমস্যায় পড়েছে ক্লাবটি। ফিফার নিষেধাজ্ঞা মোকাবিলায় এতদিন ব্যস্ত থাকায় নতুন মৌসুমের দল গঠনের প্রস্তুতিতে পিছিয়ে পড়েছে আবাহনী। এর মধ্যে কয়েকজন ফুটবলার অন্য ক্লাবের সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানা গেছে।
গত মৌসুমের শুরুতে বিদেশি খেলোয়াড়দের পাওনা পরিশোধ না করায় আবাহনীর বিরুদ্ধে তিনটি নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। এর মধ্যে দুটি আগেই প্রত্যাহার করা হয়েছিল। সিরিয়ার এক ফুটবলারের পাওনা বকেয়া থাকায় শেষ নিষেধাজ্ঞাটি বহাল ছিল। সেই অর্থ পরিশোধের পর সোমবার ফিফা নিষেধাজ্ঞা তুলে নেয়।
ক্লাব লাইসেন্সিংয়ের শেষ দিনে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আবাহনী এখন নতুন করে স্বস্তি পেলেও দল গোছানোর জন্য সময় খুব কম। বুধবার থেকে খেলোয়াড় নিবন্ধনের সুযোগ পাওয়ার কথা রয়েছে। এদিকে নিবন্ধনের সময় বাড়ানোর জন্য আবেদন করেছে আবাহনী।
এরই মধ্যে নতুন মৌসুমের প্রথম শিরোপার লড়াই হিসেবে নির্ধারিত চ্যালেঞ্জ কাপও বাতিল হয়ে গেছে। ২১ আগস্ট লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ আবাহনীর মধ্যকার ম্যাচ দিয়ে এই প্রতিযোগিতা মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু দুই দলেরই ফিফা-সংক্রান্ত জটিলতায় শেষ পর্যন্ত ম্যাচটি আয়োজন করা সম্ভব হয়নি।
বসুন্ধরা কিংসের পরিস্থিতি অবশ্য আরও জটিল। ক্লাবটির নামে এখনো ফিফার ১০টি নিষেধাজ্ঞা রয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে অনুষ্ঠিত এক সভায় কিংসের প্রতিনিধি ও কোচ সৈয়দ গোলাম জিলানী নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়ার জন্য আরও সাত কর্মদিবস সময় চেয়েছেন।
ফিফার নিষেধাজ্ঞা কাটার পর প্রথমে ক্লাব লাইসেন্সিংয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপরই খেলোয়াড় নিবন্ধনের সুযোগ মিলবে। অথচ দলবদলের শেষ সময় ৩ সেপ্টেম্বর। ফলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাগজপত্র ও প্রশাসনিক জটিলতা কাটানোর চ্যালেঞ্জ রয়েছে কিংসের সামনে।
এদিকে ১৯ আগস্ট খেলোয়াড় নিবন্ধনের নির্ধারিত সময়সীমা নিয়েও কয়েকটি ক্লাব আপত্তি জানিয়েছে। তাদের দাবি, দলবদলের শেষ দিন ৩ সেপ্টেম্বর পর্যন্ত খেলোয়াড় নিবন্ধনের সুযোগ রাখা হোক। এ বিষয়ে বাফুফেকে নতুন করে সিদ্ধান্ত নিতে হতে পারে।
ফিফার নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশের আরও কয়েকটি ক্লাব রয়েছে। এর মধ্যে ফকিরেরপুল ইয়ংমেন্স, শেখ জামাল ধানমন্ডি ও সকার ক্লাব ফেনীর নাম রয়েছে। নিষেধাজ্ঞা থাকায় ফকিরেরপুল অনুমতি পেলেও এখনো দলবদলে খেলোয়াড় নিবন্ধনের সুযোগ পাচ্ছে না।
সব মিলিয়ে ২৫ আগস্ট ফেডারেশন কাপ এবং ২৮ আগস্ট লিগ শুরুর সূচি সামনে রেখে মাঠের প্রস্তুতির পাশাপাশি ক্লাবগুলোর প্রশাসনিক ও আর্থিক জটিলতা দ্রুত সমাধান করাই এখন ঘরোয়া ফুটবলের বড় চ্যালেঞ্জ।