Saturday, August 22, 2026

শেষ মৌসুমের শুরুতেই রোনালদোর ইতিহাস, টানা ২৫ মৌসুমে গোল


ফাইল ছবিঃ ক্রিশ্চিয়ানো রোনালদো (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুম নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই নতুন মৌসুমের শুরুতে আরও একটি অনন্য রেকর্ড নিজের করে নিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আল-রিয়াদের বিপক্ষে গোল করে প্রথম ফুটবলার হিসেবে টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার কীর্তি গড়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো ইঙ্গিত দিয়েছেন, চলতি মৌসুমই হতে পারে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ অধ্যায়। এর মধ্যেই আল-নাসরের জার্সিতে মৌসুমের প্রথম গোল করে নিজের দীর্ঘস্থায়ী ধারাবাহিকতার আরেকটি নজির স্থাপন করলেন তিনি।

আল-রিয়াদের বিপক্ষে ম্যাচে ৪-০ গোলের বড় জয় পায় আল-নাসর। ম্যাচের শুরুতে বেঞ্চে ছিলেন রোনালদো। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে আবদুল্লাহ আল-হামদানের বদলি হিসেবে মাঠে নামেন তিনি।

মাঠে নামার পর গোল পেতে বেশি সময় নেননি পর্তুগিজ তারকা। ৮৩ মিনিটে আইমান ইয়াহিয়ার বাড়ানো বল নিয়ন্ত্রণ করে বাঁ পায়ের নিখুঁত শটে প্রতিপক্ষের জালে বল পাঠান রোনালদো। তার এই গোলেই নিশ্চিত হয় টানা ২৫ লিগ মৌসুমে গোল করার বিরল রেকর্ড।

২০০২-০৩ মৌসুম থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটি লিগ মৌসুমেই অন্তত একটি গোল করেছেন রোনালদো। এই ধারাবাহিকতায় তিনি পেছনে ফেলেছেন সুইডিশ তারকা জালাতান ইব্রাহিমোভিচকে। ইব্রাহিমোভিচ ১৯৯৯-২০০০ থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত টানা ২৪ মৌসুমে গোল করেছিলেন।

রোনালদোর রেকর্ডটির বিশেষত্ব আরও বেশি, কারণ চারটি দেশের পাঁচটি ক্লাবের হয়ে খেলেই তিনি এই ধারাবাহিকতা ধরে রেখেছেন। পর্তুগালের স্পোর্টিংয়ে পেশাদার ক্যারিয়ার শুরুর পর ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম অধ্যায়, রিয়াল মাদ্রিদে টানা নয় মৌসুম, জুভেন্টাসে তিন মৌসুম এবং পরে আবার ম্যানচেস্টার ইউনাইটেড সব জায়গাতেই গোলের ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। ২০২২-২৩ মৌসুমের মাঝামাঝি সৌদি আরবে যাওয়ার পর আল-নাসরের হয়েও সেই ধারা অব্যাহত রয়েছে।

আল-রিয়াদের বিপক্ষে করা গোলটি রোনালদোর অফিসিয়াল সিনিয়র ক্যারিয়ারের ৯৭৭তম গোল। ফলে দীর্ঘ প্রতীক্ষিত ১ হাজার গোলের মাইলফলক থেকে এখন মাত্র ২৩ গোল দূরে রয়েছেন ৪১ বছর বয়সী এই তারকা।

ক্যারিয়ারের শেষ অধ্যায়ের সম্ভাবনার মধ্যেও রোনালদোর পারফরম্যান্স যেন বলে দিচ্ছে গোলের ক্ষুধা এখনো ফুরিয়ে যায়নি। বরং নতুন মৌসুমের শুরুতেই ইতিহাসের পাতায় নিজের নাম আরও একবার নতুন করে লিখলেন ‘সিআর সেভেন’।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন