Saturday, August 22, 2026

বিষাক্ত সম্পর্কে ভেঙে পড়েছিলেন অনুপমা, প্যানিক অ্যাটাক থেকে অস্ত্রোপচার


ছবিঃ অনুপমা পরমেশ্বরন (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন তার জীবনের এক কঠিন অধ্যায়ের কথা প্রকাশ্যে এনেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রায় দুই বছর ধরে একটি ‘বিষাক্ত’ সম্পর্কে ছিলেন তিনি। সেই সম্পর্কের মানসিক চাপ তার ওপর এতটাই গভীর প্রভাব ফেলেছিল যে প্যানিক অ্যাটাক, দ্রুত ওজন কমে যাওয়া, বারবার অজ্ঞান হয়ে যাওয়া থেকে শুরু করে শারীরিক জটিলতায় অস্ত্রোপচারও করাতে হয়েছে তাকে।

ধন্যা ভার্মার উপস্থাপনায় ‘আই অ্যাম উইথ ধন্যা ভার্মা’ অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন অনুপমা। তিনি ওই সম্পর্ককে ‘নার্সিসিস্টিক অ্যাবিউজ’ হিসেবে বর্ণনা করেন। তার ভাষ্য, সম্পর্কটি ভালোবাসা, ঝগড়া, মানসিকভাবে ভেঙে পড়া, ক্ষমা চাওয়া এবং আবার একই ধরনের আচরণের পুনরাবৃত্তির একটি চক্রে পরিণত হয়েছিল।

অনুপমা জানান, সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কের প্রভাব তার মানসিক ও শারীরিক স্বাস্থ্যে স্পষ্ট হয়ে ওঠে। তীব্র উদ্বেগ ও প্যানিক অ্যাটাকের পাশাপাশি ব্ল্যাকআউট, দ্রুত ওজন কমে যাওয়া এবং কথোপকথনের পর বমি হওয়ার মতো সমস্যাও দেখা দিয়েছিল। অনেক সময় খাবার খেতেও পারতেন না বলে জানান তিনি।

পরিস্থিতির প্রভাব তার পেশাগত জীবনেও পড়ে। একপর্যায়ে তার ডান চোখ অনবরত কাঁপতে শুরু করলে শুটিং বন্ধ রাখতে হয়। পরে তার চোখের অশ্রুগ্রন্থি বা ল্যাক্রিমাল গ্ল্যান্ড ফুলে যায়। শেষ পর্যন্ত এ সমস্যার জন্য অস্ত্রোপচার করাতে হয় অভিনেত্রীকে।

নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে অনুপমা বলেন, শারীরিক নির্যাতন না হলেও ওই সম্পর্ক তার শরীর ও মনে এমন কিছু ক্ষত তৈরি করেছে, যার প্রভাব পুরোপুরি কাটিয়ে ওঠা কঠিন।

এ ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে আসার প্রক্রিয়াটিও যে সহজ নয়, সেটিও তুলে ধরেন তিনি। অনুপমার ভাষায়, পরিস্থিতিটি ছিল অনেকটা মাকড়সার জালের মতো। ক্রমাগত গ্যাসলাইটিং ও নানা ধরনের মানসিক কৌশলের কারণে দীর্ঘ সময় তিনি বুঝতেই পারেননি আসলে কী ঘটছে।

পরে ধীরে ধীরে বিভিন্ন অসংগতি তার নজরে আসতে থাকে। তিনি মিথ্যা ধরতে শুরু করেন এবং নিজের অবস্থানের পক্ষে কথা বলতে থাকেন। তখনই তার কাছে পরিষ্কার হয়, সম্পর্কের নানা সমস্যার দায় বারবার তার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছিল।

অনুপমা জানান, শেষ পর্যন্ত এমন একটি ঘটনা ঘটে, যার পর দুই পরিবারের সদস্যরাও বিষয়টিতে জড়িয়ে পড়েন। তখনই সম্পর্কটির বাস্তব চিত্র তার সামনে আরও স্পষ্ট হয়ে ওঠে।

তবে সাক্ষাৎকারে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। সম্প্রতি অভিনেতা ধ্রুব বিক্রমের সঙ্গে অনুপমার সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়ালেও দুজনের কেউই প্রেমের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি।

বর্তমানে অনুপমা পরমেশ্বরনের হাতে রয়েছে ‘ভোগী’, ‘ক্রেজি কল্যাণম’সহ একাধিক দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের কাজ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন