- ২২ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ইতালির রাজধানী রোমে বাংলাদেশের জনপ্রিয় রকশিল্পী মাহফুজ আনাম জেমসের ব্যান্ড ‘নগরবাউল’-এর বিরুদ্ধে ৩৫ হাজার ইউরো প্রতারণার অভিযোগ করেছেন এক বাংলাদেশি কনসার্ট আয়োজক। তবে অভিযোগের বিষয়টি আইনগতভাবে মোকাবিলার কথা জানিয়েছেন জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন।
শুক্রবার রাতে ভেনিস থেকে দেওয়া বক্তব্যে রবিন বলেন, যে কেউ যে কারও বিরুদ্ধে অভিযোগ করতে পারেন। তবে অভিযোগ করা হলেই সেটি প্রমাণিত হয়ে যায় না। বিষয়টি যেহেতু এখন আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে, তাই তারা আইনগতভাবেই এর মোকাবিলা করবেন।
জানা গেছে, রোমের অ্যাচিলিয়া এলাকার কারাবিনিয়েরি পুলিশ স্টেশনে বৃহস্পতিবার (২১ আগস্ট) লিখিত অভিযোগটি করেন বাংলাদেশি কনসার্ট আয়োজক আবুল মোয়াজ। অভিযোগের নথিতে বলা হয়েছে, রোম ও ভেনিসে কনসার্ট আয়োজনের জন্য নগরবাউল জেমসের দলকে মোট ৩৫ হাজার ইউরো দেওয়া হয়েছিল।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অর্থ লেনদেনের বিষয়টি জেমসের দলের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিনের সঙ্গে করা চুক্তি বা সমঝোতার সঙ্গে সংশ্লিষ্ট।
তবে অভিযোগের নথিতে জেমস নিজে ওই অর্থ গ্রহণ করেছেন কিংবা ব্যক্তিগতভাবে প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন এমন কোনো তথ্য উল্লেখ নেই।
অভিযোগের বিষয়ে রবিন বলেন, এটি পুলিশের কাছে করা একটি অভিযোগ মাত্র। পুলিশ অভিযোগ গ্রহণ করেছে বলেই সেটি প্রমাণিত হয়েছে বা আদালত কোনো সিদ্ধান্ত দিয়েছেন এমনটা নয়। চুক্তি ভঙ্গের অভিযোগ থাকলে সংশ্লিষ্ট পক্ষ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমানে নগরবাউল দল ভেনিসে রয়েছে। আগামী ২৩ আগস্ট সেখানে তাদের একটি কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রবিন জানান, আপাতত তারা ওই কনসার্ট নিয়েই ব্যস্ত এবং আইনি বিষয়টি যথাযথ প্রক্রিয়ায় মোকাবিলা করা হবে।