- ২২ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসামূলক দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।
শুক্রবার (২১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি মির্জা ফখরুলের রাজনৈতিক জীবন, ব্যক্তিগত নীতি ও তরুণদের সঙ্গে তার যোগাযোগের অভিজ্ঞতা তুলে ধরেন।
তাসনিম জারা লেখেন, মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। ২০১৮ সালে প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পাওয়ার সময় নির্বাচনের আগে তরুণ ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুলের দেওয়া একটি ভিডিও বার্তার কথা স্মরণ করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, ওই সময় মির্জা ফখরুল তরুণ ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের নাগরিক অধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছিলেন। তাসনিম জারা বলেন, সেই বক্তব্যে উৎসাহিত হয়ে তিনি খিলগাঁওয়ের একটি কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন এবং সেখানেই নির্বাচনে অনিয়মের চিত্র দেখতে পান বলে দাবি করেন।
স্ট্যাটাসে মির্জা ফখরুলের রাজনৈতিক অবস্থানের প্রশংসা করে তাসনিম জারা বলেন, নিজের আসনে জয়ী হওয়ার পরও তিনি ওই সংসদে যোগ দেননি। তার মতে, ক্ষমতার সুযোগ পেয়েও নীতিগত অবস্থানের কারণে তা থেকে দূরে থাকার সিদ্ধান্ত সবাই নিতে পারেন না।
মির্জা ফখরুলের বিরুদ্ধে দীর্ঘ রাজনৈতিক সময়ে দুর্নীতির মামলা না হওয়ার বিষয়টিও উল্লেখ করেন তাসনিম জারা। তার দাবি, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে মির্জা ফখরুলকে বিভিন্ন সময় কারাগারে যেতে হলেও তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দাঁড় করানো সম্ভব হয়নি। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, মির্জা ফখরুল অর্থ উপার্জনের উদ্দেশ্যে রাজনীতিতে এসেছেন এমনটা তার কখনো মনে হয়নি।
তাসনিম জারা আরও জানান, রাজনীতিতে আসার পর বিভিন্ন প্রবীণ রাজনৈতিক ব্যক্তির পরামর্শ নেওয়ার সুযোগ হয়েছে তার। মির্জা ফখরুলের সঙ্গেও একাধিকবার কথা বলে রাজনৈতিক জীবন ও অভিজ্ঞতা সম্পর্কে জানতে চেয়েছেন তিনি। এ সময় মির্জা ফখরুল বিভিন্ন বই পড়ার পরামর্শ দিয়েছেন এবং নিজের বইও তাকে দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রপতি পদ প্রসঙ্গে তাসনিম জারা বলেন, ক্ষমতার পালাবদলের সময় রাষ্ট্রপতির পদ দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকটের কেন্দ্রবিন্দুতে থাকে। আবার কোনো কোনো সময়ে এই পদই রাষ্ট্রে স্থিতিশীলতা তৈরিতে ভূমিকা রাখে। সেই পার্থক্য অনেকাংশে নির্ভর করে পদে থাকা ব্যক্তির চরিত্র ও ভূমিকার ওপর।
মির্জা ফখরুলের নেতৃত্বে রাষ্ট্রপতি পদটির মর্যাদা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তাসনিম জারা।