Saturday, August 22, 2026

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের অংশগ্রহণকে সংকীর্ণভাবে দেখছে সরকার: হামিদুর রহমান আযাদ


ছবিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণকে সরকার উদার ও গণতান্ত্রিক দৃষ্টিতে না দেখে রাজনৈতিক সংকীর্ণতার সঙ্গে মূল্যায়ন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

শুক্রবার (২১ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তা রাজনৈতিকভাবে সংকীর্ণ। তিনি দাবি করেন, একজন মন্ত্রী বলেছেন সংবিধানের ৭০ অনুচ্ছেদ বহাল থাকা অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধী দলের সংবিধান সংস্কার পরিষদে নেওয়া শপথ আর কার্যকর নেই।

এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, একই যুক্তি যদি গ্রহণযোগ্য হয়, তাহলে সংসদ সদস্য হিসেবে নেওয়া শপথ কীভাবে বৈধ থাকে? তার দাবি, ২০২৬ সালে সাংবিধানিক প্রক্রিয়ায় কোনো সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

বিরোধী দলের রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের ব্যাখ্যা দিতে গিয়ে জামায়াতের এই নেতা বলেন, তাদের অংশগ্রহণ ছিল সরকারের কাঙ্ক্ষিত সংস্কার প্রক্রিয়ার সীমাবদ্ধতার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ এবং গণতান্ত্রিক চর্চার নতুন উদ্যোগ। নির্বাচনের ফল কী হতে পারে, তা আগে থেকেই জানা ছিল বলেও মন্তব্য করেন তিনি। এরপরও জনগণের সামনে নিজেদের অবস্থান তুলে ধরা এবং গণতন্ত্রের দাবি আরও জোরালো করতেই নির্বাচনে অংশ নেওয়া হয়েছে বলে জানান।

এদিকে ঢাকা জেলার ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড আমির, সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য দেন ড. হামিদুর রহমান আযাদ।

সেখানে তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। সঞ্চালনা করেন ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন