Saturday, August 22, 2026

ওমরাহ পালন শেষ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ


ছবিঃ পবিত্র ওমরাহ পালন করলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

পবিত্র ওমরাহ পালন শেষ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ওমরাহ শেষে তিনি দেশবাসীর কল্যাণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া করেছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে এনসিপির পক্ষ থেকে তার ওমরাহ পালনের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরের একটি ফ্লাইটে স্ত্রীকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আসিফ মাহমুদ। ওই সফরে এনসিপির কয়েকজন নেতাও তার সঙ্গে রয়েছেন। বৃহস্পতিবার রাতেই তারা পবিত্র নগরী মক্কায় পৌঁছান।

আসিফ মাহমুদের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক এবং ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির সদস্য আয়মান রাহাড, কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত, ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান এবং ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ আরও কয়েকজন।

ওমরাহ পালনের পর এনসিপির নেতারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন আসিফ মাহমুদ।

বর্তমানে তিনি মক্কায় অবস্থান করছেন। সফরের পরবর্তী পর্যায়ে তার মদিনা মুনাওয়ারায় যাওয়ার কথা রয়েছে। আগামী ৩০ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন