Sunday, October 18, 2026

রামুতে চলন্ত এসি বাসে আগুন, জানালা ভেঙে প্রাণ বাঁচালেন ৩০ যাত্রী


ছবিঃ কক্সবাজারে চলন্ত বাসে আগুন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কক্সবাজার 

কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহণের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসে চলন্ত অবস্থায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন ও ধোঁয়ায় বাসের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়লেও স্থানীয়দের তৎপরতায় জানালার কাচ ভেঙে একে একে যাত্রীদের বাইরে বের করে আনা হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী।

শুক্রবার (২১ আগস্ট) রাত ১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

বাসের এক যাত্রী মোহাম্মদ রানা জানান, পরিবারের সাত সদস্যকে নিয়ে তারা কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে হঠাৎ বাসের ভেতরে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। আগুন লাগার সময় বাসের চালক ও সহকারীকে তিনি বাসের ভেতরে দেখতে পাননি বলেও জানান।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের বের করে আনেন। পরে খবর পেয়ে রামু হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ বলেন, খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। কাছাকাছি অবস্থানে থাকায় দ্রুত সেখানে গিয়ে বাসের যাত্রীদের নিরাপদে বের করে আনার ব্যবস্থা করা হয়।

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি অথবা অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন