Saturday, August 22, 2026

ঝিনাইদহে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১, গুরুতর আহত আরেকজন


ছবিঃ ঝিনাইদহের কালীগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে গরু চুরির অভিযোগে দুই সন্দেহভাজন ব্যক্তিকে ধরে গণপিটুনির ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় অপর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাদুরগাছা গ্রামের বিধবা নিলুফার ইয়াসমিনের বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে কয়েকজন প্রবেশ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে নিলুফার ইয়াসমিন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় সন্দেহভাজন ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া করেন।

পরে গ্রামের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর দুজনকে আটক করেন স্থানীয়রা। একপর্যায়ে উত্তেজিত জনতা তাদের মারধর শুরু করলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, কোনো ব্যক্তিরই আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন