Saturday, August 22, 2026

রাজশাহীতে নারীসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেফতার


ছবিঃ দেলোয়ার হোসেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। রাজশাহী

রাজশাহীর বাঘায় এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় থাকার অভিযোগে খারিজাথাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারী কর্মচারীকেও আটক করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে বাঘা পৌরসভার গাওপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাদের দুজনকে আটক করা হয়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

স্থানীয়দের ভাষ্য, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সঙ্গে বিদ্যালয়ের এক নারী কর্মচারীর দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্কের অভিযোগ ছিল। শুক্রবার বিদ্যালয়ের দাপ্তরিক কাজের কথা বলে ওই নারী কর্মচারীকে নিয়ে তিনি গাওপাড়া এলাকার একটি বাড়িতে যান। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দুজনকে আটক করে পুলিশকে খবর দেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর দেলোয়ার হোসেনের স্ত্রী নুরনাহার আক্তার মিলি থানায় গিয়ে তার স্বামীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

খারিজাথাক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুফিয়ান হোসেন বলেন, এর আগেও বিদ্যালয়ে বসে ওই দুজনকে কয়েকবার সতর্ক করা হয়েছিল। তবে সতর্ক করার পরও তারা একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে অভিযোগ রয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বজলুর রহমান জানান, ঘটনাটি তারা জানতে পেরেছেন। বিষয়টি উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের অবহিত করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষই পরবর্তী ব্যবস্থা নেবে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, শুক্রবার তাদের আটক করা হয়। পরে শনিবার আদালতের মাধ্যমে দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, দেলোয়ার হোসেন মনিগ্রাম বাজারের দক্ষিণপাড়ার কালাচাঁন ব্যাপারির ছেলে। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলের চিলমারী ইউনিয়নের বাংলাবাজার চরের খারিজাথাক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন