- ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান সেরিব্রাস সিস্টেমস নতুন করে ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ সংগ্রহ করেছে। এই বিনিয়োগের মাধ্যমে কোম্পানিটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ২৩ বিলিয়ন ডলার, যা মাত্র ছয় মাস আগের ৮.১ বিলিয়ন ডলারের তুলনায় প্রায় তিনগুণ।
সর্বশেষ এই বিনিয়োগ রাউন্ডের নেতৃত্ব দিয়েছে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান টাইগার গ্লোবাল। তবে উল্লেখযোগ্য অংশ এসেছে সেরিব্রাসের শুরুর দিকের বিনিয়োগকারী বেঞ্চমার্ক ক্যাপিটাল থেকে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বেঞ্চমার্ক এই রাউন্ডে অন্তত ২২৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
২০১৬ সালে ২৭ মিলিয়ন ডলারের সিরিজ ‘এ’ রাউন্ডের মাধ্যমে সেরিব্রাসে প্রথম বিনিয়োগ করেছিল বেঞ্চমার্ক। সাধারণত ৪৫০ মিলিয়ন ডলারের নিচে তহবিল পরিচালনা করলেও, সেরিব্রাসে বড় অঙ্কের বিনিয়োগের জন্য প্রতিষ্ঠানটি আলাদা দুটি তহবিল গঠন করে, যেগুলোর নাম রাখা হয় ‘বেঞ্চমার্ক ইনফ্রাস্ট্রাকচার’। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি বেঞ্চমার্ক।
সেরিব্রাসকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে তাদের চিপের ব্যতিক্রমী গঠন। ২০২৪ সালে উন্মোচিত তাদের প্রধান পণ্য ওয়েফার স্কেল ইঞ্জিন প্রায় ৮.৫ ইঞ্চি দৈর্ঘ্য ও প্রস্থের এক বিশাল চিপ, যাতে একত্রে রয়েছে প্রায় ৪ ট্রিলিয়ন ট্রানজিস্টর। প্রচলিত চিপ যেখানে ওয়েফার কেটে ছোট আকারে তৈরি হয়, সেখানে সেরিব্রাস প্রায় পুরো ৩০০ মিলিমিটার সিলিকন ওয়েফার ব্যবহার করেই একটি একক চিপ তৈরি করেছে।
এই নকশায় রয়েছে প্রায় ৯ লাখ বিশেষায়িত কোর, যা একসঙ্গে কাজ করে। ফলে একাধিক চিপের মধ্যে ডেটা আদান–প্রদানের প্রয়োজন পড়ে না, যা সাধারণত এআই কম্পিউটিংয়ের বড় সীমাবদ্ধতা। কোম্পানির দাবি, এই প্রযুক্তির ফলে এআই ইনফারেন্স বা বিশ্লেষণমূলক কাজ প্রতিদ্বন্দ্বী সিস্টেমের তুলনায় ২০ গুণেরও বেশি দ্রুত সম্পন্ন করা সম্ভব।
ক্যালিফোর্নিয়ার সানিভেইলভিত্তিক সেরিব্রাস এআই অবকাঠামো খাতে দ্রুত অগ্রগতি দেখাচ্ছে। গত মাসে প্রতিষ্ঠানটি ওপেনএআইয়ের সঙ্গে ১০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের একটি বহু-বছরের চুক্তি করে। এই চুক্তির আওতায় ২০২৮ সাল পর্যন্ত ওপেনএআইকে ৭৫০ মেগাওয়াট কম্পিউটিং ক্ষমতা সরবরাহ করবে সেরিব্রাস। এর লক্ষ্য হলো জটিল এআই প্রশ্নের দ্রুত ও কার্যকর উত্তর দেওয়া। উল্লেখযোগ্যভাবে, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান নিজেও সেরিব্রাসের একজন বিনিয়োগকারী।
সেরিব্রাসের দাবি, তাদের নিজস্ব এআই-কেন্দ্রিক চিপগুলো পারফরম্যান্সের দিক থেকে এনভিডিয়ার চিপের চেয়েও দ্রুত কাজ করতে সক্ষম।
তবে সেরিব্রাসের শেয়ারবাজারে তালিকাভুক্তির পথ সহজ ছিল না। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এআই প্রতিষ্ঠান জি৪২ এক সময় কোম্পানিটির বড় আয়ের উৎস ছিল এবং ২০২৪ সালের প্রথমার্ধে সেরিব্রাসের মোট আয়ের প্রায় ৮৭ শতাংশ আসত এই এক প্রতিষ্ঠান থেকেই। জি৪২-এর সঙ্গে চীনা প্রযুক্তি খাতের অতীত সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তা পর্যালোচনার মুখে পড়ে সেরিব্রাস। এর ফলে আইপিও পরিকল্পনা বিলম্বিত হয় এবং ২০২৫ সালের শুরুতে একটি আবেদন প্রত্যাহারও করতে হয়।
পরবর্তীতে বিনিয়োগকারী তালিকা থেকে জি৪২ বাদ পড়ায় সেই জটিলতা কাটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এখন ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে সেরিব্রাস।