- ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনকে ঘিরে একটি দল হেরে যাওয়ার ভয়ে ষড়যন্ত্র শুরু করছে। ১২ ফেব্রুয়ারির আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরণের ষড়যন্ত্র হলে বিএনপি কঠোর প্রতিক্রিয়া দেখাবে। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী দিনের রাজনীতি হবে দেশের পুনর্গঠনের রাজনীতি।
শনিবার দুপুর ২টা ৭ মিনিটে নীলফামারীতে এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, নীলফামারীর অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নের জন্য উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, নীলফামারীর ইপিজেড সম্প্রসারণ করা হবে এবং সৈয়দপুরের বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। এছাড়া নীলফামারীকে শিল্প অঞ্চলে রূপান্তরিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ক্ষমতায় আসলে তিস্তা ব্যারাজ নির্মাণের মহাপরিকল্পনায় কাজ শুরু হবে। নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।
বিএনপি চেয়ারম্যান নতুন পরিকল্পনা হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষি কার্ড’ চালুর কথা জানান। এর মাধ্যমে কৃষকেরা সহজে ঋণ, সার ও কীটনাশক পাবেন। তিনি বলেন, ধানের শীষের প্রার্থী নির্বাচিত হলে ১০ হাজার টাকার কৃষিঋণ মওকুফ করা হবে এবং রেজিস্টার্ড এনজিও থেকে নেওয়া ঋণও সরকার পরিশোধ করবে।
জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নীলফামারী-২ আসনে বিএনপি প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, নীলফামারী-৩ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ আলী এবং নীলফামারী-৪ আসনে বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকারসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।