Saturday, February 7, 2026

দুই দিনে ঢাকার উত্তর–দক্ষিণে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান


ছবিঃ ঢাকা সিটির উত্তর ও দক্ষিণে আগামীকাল রবি ও সোমবার মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে টানা দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী রোববার ও সোমবার এসব জনসভায় তিনি দলের অবস্থান, নির্বাচনী ইশতেহার এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেবেন।

শনিবার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার (৮ ফেব্রুয়ারি) তারেক রহমান ঢাকা মহানগর উত্তরের ছয়টি সংসদীয় আসনে জনসভায় অংশ নেবেন। দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম জনসভা দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন তিনি। এরপর পর্যায়ক্রমে পল্লবীর লাল মাঠ, মিরপুর-১০ সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ, ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় এলাকা, শ্যামলী ক্লাব মাঠ এবং বাড্ডার সাতারকুলের সানভ্যালি মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এর পরদিন সোমবার (৯ ফেব্রুয়ারি) তিনি ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনসহ মোট আটটি জনসভায় অংশ নেবেন। সকাল ১১টায় বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ এলাকার খেলার মাঠে জনসভা দিয়ে দিনের কার্যক্রম শুরু করবেন তারেক রহমান। এরপর কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, পীরজঙ্গী মাজার রোড, মান্ডা তরুণ সংঘ মাঠ, যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোড, জুরাইন-শ্যামগঞ্জ সড়ক, ধুপখোলা মাঠ এবং লালবাগ বালুর মাঠে ধারাবাহিকভাবে জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

বিএনপি নেতারা জানান, এসব জনসভায় তারেক রহমান দলের ঘোষিত ইশতেহার তুলে ধরার পাশাপাশি চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে দলের ভাবনা জনগণের সামনে উপস্থাপন করবেন। কর্মসূচি সফল করতে মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন