- ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত ৯ বছর বয়সি শিশু হুজাইফা সুলতানা আফনান আর বেঁচে নেই। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকায় তার মৃত্যু হয়।
নিহত হুজাইফার মা সাবেকুন নাহার ও চাচা শওকত আলী শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, গুলিবিদ্ধ হওয়ার পর থেকে হুজাইফা রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল।
শনিবার সকালে শিশুটির মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। প্রতিবেশী ও এলাকাবাসীর মাঝেও নেমে আসে গভীর শোক।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকায় বাবা জসিম উদ্দিনের সঙ্গে বাড়ি ফেরার পথে হুজাইফা মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলির শিকার হয়। গুলিটি তার মাথায় বিদ্ধ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটিকে বাঁচানোর চেষ্টা করলেও গুলিটি মস্তিষ্কের ভেতরে ঢুকে যাওয়ায় তা বের করা সম্ভব হয়নি। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় নিরস্ত্র সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদের প্রাণ হারানো অত্যন্ত বেদনাদায়ক। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে জন্য সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা জরুরি।
হুজাইফার মৃত্যু আবারও সীমান্ত নিরাপত্তা ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।