- ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কুষ্টিয়া
কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে কারাগারের ভেতরেই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় কারা কর্তৃপক্ষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত বিদ্যুৎ আলী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের বাসিন্দা। তিনি চাঁদ্দু আলীর ছেলে বলে জানা গেছে।
কারা সূত্রে জানা যায়, মাদক সংক্রান্ত একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে প্রায় দুই মাস আগে বিদ্যুৎ আলী কুষ্টিয়া জেলা কারাগারে ভর্তি হন। শনিবার ভোরে কারাগারের একটি বাথরুমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান দায়িত্বরত কারারক্ষীরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও তার আগেই মৃত্যু হয়।
কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ আলী গামছা ব্যবহার করে বাথরুমের জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, হাজতিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।