Saturday, February 7, 2026

কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত, একজন আশঙ্কাজনক


প্রতীকী ছবিঃ সড়ক দুর্ঘটনা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। একই দুর্ঘটনায় তাদের আরেক সহপাঠী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে দৌলতখালী মাদ্রাসা মোড় থেকে কিশোরীনগরগামী সড়কে দ্রুতগতিতে চলার সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়।

নিহত শিক্ষার্থীরা হলেন দৌলতখালী চৌহদ্দি পাড়া গ্রামের হেকমত আলীর ছেলে রহমত আলী (১৪) এবং আমিনুল ইসলামের ছেলে সাহাবী (১৪)। তারা দুজনই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। গুরুতর আহত শিক্ষার্থী সাইফ আলী (১৪), তিনি একই এলাকার জিয়ার আলীর ছেলে।

পুলিশ জানায়, তিন বন্ধু সকালে একটি পালসার মোটরসাইকেলে করে প্রাইভেট পড়তে গিয়েছিল। পড়াশোনা শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমত আলী ও সাহাবীকে মৃত ঘোষণা করেন। আহত সাইফ আলীর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই শিক্ষার্থীর পরিবার ও স্বজনদের মাঝে চলছে হৃদয়বিদারক মাতম।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন