Saturday, February 7, 2026

উন্মুক্ত নির্বাচনী বিতর্কে অংশ নিতে তারেক রহমানকে জামায়াত আমিরের আহ্বান


ফাইল ছবিঃ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ইংরেজি ভাষার পোস্টে তিনি এ প্রস্তাব দেন।

ফেসবুক পোস্টে শফিকুর রহমান তারেক রহমানের সাম্প্রতিক রাজনৈতিক কর্মপরিকল্পনার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, দেশের ভবিষ্যৎ নিয়ে জনগণের সামনে খোলামেলা আলোচনা হওয়া প্রয়োজন। সে লক্ষ্যে তিনি একটি উন্মুক্ত ও সরাসরি আলোচনায় অংশ নেওয়ার জন্য বিএনপি চেয়ারম্যানকে আমন্ত্রণ জানান।

জামায়াত আমিরের প্রস্তাব অনুযায়ী, উক্ত বিতর্কে দুই নেতা নিজ নিজ রাজনৈতিক ইশতেহার ও রাষ্ট্র পরিচালনার ভাবনা জাতির সামনে উপস্থাপন করবেন। এরপর কোন দৃষ্টিভঙ্গি জনগণের কাছে গ্রহণযোগ্য, সে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব জনগণের ওপর ছেড়ে দেওয়ার কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা জরুরি, যেখানে সব রাজনৈতিক শক্তি জনগণের মতামত ও রায়কে সম্মান করার প্রতিশ্রুতি দেবে। তাঁর মতে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই কেবল প্রকৃত রাজনৈতিক বৈধতা অর্জন সম্ভব।

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, জনআস্থা ও ন্যায়সংগত প্রক্রিয়া ছাড়া কোনো নির্বাচনী ফলাফল দীর্ঘমেয়াদে গ্রহণযোগ্যতা পায় না। জুলাই বিপ্লব–পরবর্তী রাজনৈতিক বাস্তবতার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের তরুণ প্রজন্মের কাছে বর্তমান রাজনৈতিক নেতৃত্বের বিশেষ দায়িত্ব রয়েছে।

রাজনীতি যে ভদ্র, শালীন এবং সংঘাতমুক্ত হতে পারে—এমন দৃষ্টান্ত স্থাপনের এখনই সময় বলে মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, ভবিষ্যৎ শাসনব্যবস্থার মানদণ্ড হতে হবে এমন, যা গণমাধ্যম ও জনগণের সরাসরি নজরদারির আওতায় থাকবে, সমালোচনার সুযোগ রাখবে এবং যেখানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন