- ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
দেশের স্বর্ণবাজারে দামের ওঠানামা যেন থামছেই না। দাম কমানোর ঘোষণার রেশ কাটতে না কাটতেই আবার নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বশেষ ঘোষণায় ভালো মানের স্বর্ণের দাম ভরিপ্রতি আবার ২ লাখ ৬২ হাজার টাকার ঘরে পৌঁছেছে।
শুক্রবার স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত জানানো হলেও তার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বাজুস সর্বোচ্চ ভরিপ্রতি ৭ হাজার ৬৪০ টাকা পর্যন্ত মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টা থেকেই নতুন মূল্য তালিকা কার্যকর হয়েছে।
বাজুসের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। সে কারণেই নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকায়। একই সঙ্গে ১৮ ক্যারেটের ভরি দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিপ্রতি নির্ধারিত হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।
স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারে আপাতত কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়। ২১ ক্যারেট রুপার দাম ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি মূল্য ৩ হাজার ৯০৭ টাকায় অপরিবর্তিত রয়েছে।
এদিকে আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ৪ হাজার ৯৬৬ ডলারে দাঁড়িয়েছে, যা আগের দিন ছিল ৪ হাজার ৮৫০ ডলার।
এর আগে জানুয়ারির শেষ দিকে স্বর্ণের দাম বিশ্ববাজারে আরও চরম পর্যায়ে পৌঁছায়। ৩০ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল প্রায় ৫ হাজার ২০০ ডলার, আর ২৯ জানুয়ারি তা ৫ হাজার ৫৫০ ডলার ছুঁয়েছিল।
বিশ্ববাজারের এই দ্রুত মূল্যবৃদ্ধির প্রভাব দেশের বাজারেও পড়ে। ২৯ জানুয়ারি এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা দাম বাড়ানো হলে ভালো মানের স্বর্ণের দাম পৌঁছে যায় ২ লাখ ৮৬ হাজার টাকায়—যা দেশের স্বর্ণবাজারের ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে এক ধাপে এত বড় অঙ্কে দাম বাড়ানোর ঘটনা নজিরবিহীন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।