Friday, June 26, 2026

এক কিউআরেই সব লেনদেন, ১ জুলাই থেকে চালু হচ্ছে ‘বাংলা কিউআর’


প্রতীকী ছবিঃ বাংলা কিউআর (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দেশে ডিজিটাল আর্থিক লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সমন্বিত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ জুলাই ২০২৬ থেকে সারা দেশে বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে সর্বজনীন আন্তঃলেনদেন ব্যবস্থা ‘বাংলা কিউআর’। এই ব্যবস্থার মাধ্যমে একটি মাত্র কিউআর কোড ব্যবহার করেই বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে অর্থ পরিশোধ করা যাবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রচারাভিযান অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, নতুন এই উদ্যোগের ফলে নগদ টাকার ব্যবহার কমবে, লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়বে এবং দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশ আরও ত্বরান্বিত হবে।

এতদিন একজন ব্যবসায়ীকে বিকাশ, রকেট কিংবা বিভিন্ন ব্যাংকের জন্য আলাদা আলাদা কিউআর কোড প্রদর্শন করতে হতো। বাংলা কিউআর চালুর পর সেই জটিলতা দূর হবে। একজন গ্রাহক নিজের পছন্দের যেকোনো ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে একই কিউআর কোড স্ক্যান করে মূল্য পরিশোধ করতে পারবেন। ফলে ক্ষুদ্র দোকান থেকে শুরু করে বড় বিপণিবিতান—সব জায়গায় লেনদেন আরও দ্রুত ও সুবিধাজনক হবে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার বলেন, নগদবিহীন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি জানান, ডিজিটাল লেনদেন বাড়লে কাগুজে নোট ছাপানো ও পরিচালনার ব্যয় কমবে, পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা এবং জবাবদিহি আরও শক্তিশালী হবে।

আরেক ডেপুটি গভর্নর হাবিবুর রহমান বলেন, বাংলা কিউআর ব্যবস্থার মাধ্যমে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান—সবাই একই প্ল্যাটফর্মে লেনদেন করতে পারবে। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ার ফলে সরকারি রাজস্ব আদায়েও ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

তবে ডিজিটাল লেনদেনের বিস্তারের সঙ্গে নিরাপত্তার বিষয়টিকেও সমান গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডিজিটাল আর্থিক লেনদেনকে কেন্দ্র করে ৮১ হাজার ৪২৩টি প্রতারণার ঘটনা ঘটেছে, যেখানে প্রায় ১০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।

এ কারণে গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। তারা পরামর্শ দিয়েছেন, কোনো অবস্থাতেই ব্যক্তিগত পিন নম্বর, ওটিপি বা গোপন তথ্য অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। পাশাপাশি সন্দেহজনক লেনদেন বা প্রতারণার আশঙ্কা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংক বা মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করারও আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, বাংলা কিউআরের সফল বাস্তবায়ন দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সমন্বিত ও আধুনিক করবে। একই সঙ্গে এটি নগদনির্ভর অর্থনীতি থেকে প্রযুক্তিনির্ভর আর্থিক ব্যবস্থায় বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নেবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন