- ১৮ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটির সমন্বয় করতে আজ শনিবার (১৭ অক্টোবর) দেশের সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে। সাপ্তাহিক ছুটির দিন হলেও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলো খোলা রাখা হয়েছে।
দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের তফসিলি ব্যাংকগুলোতে ছুটি থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিন ব্যাংকের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকার পরিস্থিতি তৈরি হয়েছে। এ কারণে ছুটির বিরতি শুরুর আগে আজ শনিবার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংক গত রোববার জারি করা এক প্রজ্ঞাপনে ১৭ অক্টোবর ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেয়। নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়সূচিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে আজ শেয়ারবাজারেও স্বাভাবিক লেনদেন ও কার্যক্রম চালু থাকবে।
এদিকে, ছুটির দিনগুলোতে দেশের আন্তর্জাতিক বাণিজ্য যাতে ব্যাহত না হয়, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দরে অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটির দিনেও সীমিত পরিসরে আমদানি-রপ্তানিসংক্রান্ত ব্যাংকিং সেবা চালু রাখতে হবে।
এ জন্য স্থানীয় প্রশাসন ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে বলা হয়েছে। এর ফলে সাধারণ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকলেও আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট জরুরি লেনদেন ও সেবা সচল রাখার সুযোগ থাকবে।