- ১১ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলে আবারও দেখা গেল ভয়াবহ দর্শক বিশৃঙ্খলা। কলম্বিয়ার ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্তে মেডেলিন ও ব্রাজিলের বর্তমান চ্যাম্পিয়ন ফ্ল্যামেঙ্গোর মধ্যকার কোপা লিবার্তাদোরেসের ম্যাচটি দর্শকদের সহিংস আচরণের কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার কলম্বিয়ার মেডেলিন শহরের আতানাসিও গিরারদো স্টেডিয়ামে ম্যাচটি শুরুর কিছুক্ষণ পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্বাগতিক দলের একদল উগ্র সমর্থক গ্যালারিতে আগুন জ্বালিয়ে ফ্লেয়ার ছোড়া শুরু করলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে। এতে ম্যাচ পরিচালনাকারী রেফারি খেলোয়াড়দের মাঠ ছাড়ার নির্দেশ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক সমর্থকের মুখ ঢাকা ছিল এবং তারা ক্লাবের মালিকপক্ষ ও ব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে প্রায় ৫০ মিনিট পর স্টেডিয়াম খালি করার সিদ্ধান্ত নেয় স্থানীয় কর্তৃপক্ষ।
পরে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল আনুষ্ঠানিকভাবে জানায়, গ্রুপ ‘এ’-এর ম্যাচটি পরিত্যক্ত করা হয়েছে।
ঘটনার পর ফ্ল্যামেঙ্গোর ক্রীড়া পরিচালক হোসে বোতো ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাগতিকরা নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাই ম্যাচের পূর্ণ তিন পয়েন্ট ফ্ল্যামেঙ্গোকে দেওয়া উচিত বলে তিনি দাবি জানান।
সাম্প্রতিক সময়ে দক্ষিণ আমেরিকার ফুটবলে দর্শক সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। নিরাপত্তা ব্যবস্থা ও সমর্থকদের আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে ফুটবল অঙ্গনে।