Sunday, July 26, 2026

দিনাজপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির তৎপরতায় ফিরিয়ে নেওয়া হলো ৯ জনকে


ছবিঃ বিরামপুর সীমান্তে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। দিনাজপুর

দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্ত দিয়ে ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতা এবং স্থানীয় গ্রাম পুলিশ, আনসার ভিডিপি সদস্য ও এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধের মুখে ওই চেষ্টা ব্যর্থ হয়।

শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ভাইগড় সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্তের ২৯১/২০ নম্বর পিলারের কাছাকাছি ভারতের অভ্যন্তরে ভীমপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৮ নারী ও একজন পুরুষকে সীমান্তের দিকে নিয়ে এসে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে।

এ সময় দায়িত্ব পালনরত ভাইগড় বিজিবি ক্যাম্পের টহল দল বিষয়টি নজরে আনলে দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয় এবং পুশইনের চেষ্টা প্রতিহত করতে উদ্যোগী হয়। খবর পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ, আনসার ভিডিপি সদস্য এবং আশপাশের বাসিন্দারাও সীমান্ত এলাকায় জড়ো হয়ে এর প্রতিবাদ জানান।

বিজিবি ও স্থানীয়দের দৃঢ় অবস্থানের মুখে শেষ পর্যন্ত বিএসএফ ওই ৯ জনকে নিয়ে সীমান্ত এলাকা থেকে সরে যায়। ফলে বাংলাদেশে তাদের প্রবেশের চেষ্টা সফল হয়নি।

ভাইগড় বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার টি. আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফ ৮ জন নারী ও একজন পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। বিজিবির দ্রুত পদক্ষেপের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে এবং কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।

সীমান্ত এলাকায় এ ঘটনার পর সতর্কতা আরও জোরদার করেছে বিজিবি। স্থানীয়দের মধ্যেও সীমান্ত নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি বজায় রাখা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন