Saturday, July 25, 2026

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত নিহত


ফাইল ছবিঃ নিজাম উদ্দিন শান্ত (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। বাগেরহাট 

বাগেরহাট শহরের হাড়িখালীর তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। গভীর রাতে বাড়ি ফেরার পথে এ হামলার শিকার হন তিনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা তোরাব আলীর ছেলে। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির একজন সক্রিয় সদস্য হিসেবে আইন পেশায় নিয়োজিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে শহরের কাজ শেষ করে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন শান্ত। পথে হাড়িখালীর তেঁতুলতলা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর মাধ্যমে এবং স্থানীয়দের কাছ থেকে পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, শহর থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটন এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, একজন আইনজীবীর ওপর এমন নৃশংস হামলার ঘটনায় আইনজীবী মহলসহ স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত হত্যার রহস্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন