- ২৫ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। বান্দরবান
বান্দরবানের থানচি উপজেলার তিন্দু বড় পাথর (রাজাপাথর) এলাকায় সাঙ্গু নদীর প্রবল স্রোতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। দুর্ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দা, গাইড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে গেলেও শনিবার (২৫ জুলাই) দুপুর পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ পর্যটকের নাম জাওয়াদ উল ইসলাম মাহিয়ান। তিনি ময়মনসিংহ জেলার মাসকান্দা এলাকার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জানা যায়, শুক্রবার দুপুরে ১৩ সদস্যের একটি পর্যটক দল আলীকদম-থানচি সড়ক হয়ে তিন্দু বাজারে পৌঁছায়। সেখানে স্থানীয় গাইড গর্জেন ত্রিপুরার সঙ্গে যোগাযোগের পর বিকেলে তারা দুটি নৌকায় রেমাক্রির উদ্দেশে যাত্রা শুরু করেন। একটি নৌকায় ছয়জন এবং অন্যটিতে সাতজন পর্যটক ছিলেন।
পথিমধ্যে তিন্দু বড় পাথর এলাকায় পৌঁছালে সাঙ্গু নদীর তীব্র স্রোতের মুখে ছয় আরোহী থাকা একটি নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। দুর্ঘটনার পর পাঁচজন কোনোভাবে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জাওয়াদ উল ইসলাম মাহিয়ান নদীর স্রোতে নিখোঁজ হন।
ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন। পরে গাইড ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিনিধিরাও উদ্ধার তৎপরতায় যুক্ত হন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ পর্যটকের সন্ধান পাওয়া যায়নি।
থানচি পর্যটক গাইড সমিতির সভাপতি জে ওয়াই প্রু মারমা জানান, পর্যটক দলটি তিন্দুতে এসে গাইডের সঙ্গে যোগাযোগ করলেও উপজেলা প্রশাসনের নির্ধারিত নিবন্ধন ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেই রেমাক্রির উদ্দেশে রওনা দেয়। ফলে তাদের পূর্ণাঙ্গ তথ্য প্রশাসনের কাছে সংরক্ষিত ছিল না, যা উদ্ধার কার্যক্রমে কিছুটা জটিলতা তৈরি করেছে।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল বলেন, বড় পাথর এলাকায় প্রবল স্রোতের কারণে নৌকাটি ডুবে যাওয়ার ঘটনায় একজন পর্যটক নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে তিনি পর্যটকদের ভ্রমণের আগে প্রশাসনের নির্ধারিত নিবন্ধন ও নিরাপত্তাবিষয়ক নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান।
বর্ষাকালে সাঙ্গু নদীর স্রোত অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় নদীপথে চলাচলে বাড়তি সতর্কতা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। বিশেষ করে দুর্গম পর্যটন এলাকায় ভ্রমণের ক্ষেত্রে প্রশাসনিক নিয়ম মেনে চলা এবং নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করা জরুরি বলে সংশ্লিষ্টদের অভিমত।