Sunday, July 26, 2026

সাঙ্গু নদীতে নৌকাডুবি: দুই দিন পর নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার


ছবিঃ বিজিবি সদস্যরা লাশ উদ্ধার করেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। বান্দরবান

বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা এক পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে। রোববার সকালে নদীর তিন্দুমুখ ও বড় পাথর (রাজাপাথর) এলাকার মাঝামাঝি স্থান থেকে ভেসে ওঠা মরদেহটি উদ্ধার করে বিজিবি। নিহত জাওয়াদ-উল ইসলাম মাহিয়ান (২৪) ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দা গ্রামের বাসিন্দা এবং হেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র ও প্রশাসনের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে ১৩ সদস্যের একটি পর্যটক দল আলীকদম-থানচি সড়ক হয়ে তিন্দু বাজারে পৌঁছায়। সেখানে স্থানীয় গাইড গর্জেন ত্রিপুরা তাদের দায়িত্ব নেন। বিকেলে দলটি তিন্দু ঘাট থেকে দুটি নৌকায় করে পর্যটনকেন্দ্র রেমাক্রির উদ্দেশে যাত্রা শুরু করে। একটি নৌকায় ছয়জন এবং অন্যটিতে সাতজন পর্যটক ছিলেন।

পথিমধ্যে সাঙ্গু নদীর বড় পাথর, স্থানীয়ভাবে পরিচিত রাজাপাথর এলাকায় পৌঁছানোর পর তীব্র স্রোতের মুখে সাত আরোহী বহনকারী নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। দুর্ঘটনার সময় নৌকায় থাকা ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মাহিয়ান নদীর স্রোতে নিখোঁজ হন।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি এবং স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। টানা দুই দিনের অনুসন্ধানেও তার কোনো সন্ধান মেলেনি।

রোববার সকাল ৭টার দিকে তিন্দুমুখ ও বড় পাথর এলাকার মাঝামাঝি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

তিন্দু ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মংপ্রু অং মারমা জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে নিশ্চিত হওয়া যায়, উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ পর্যটক মাহিয়ানের।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল বলেন, নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল কাজ করছে। উদ্ধারকারী দল ফিরে এলে দুর্ঘটনার কারণ, উদ্ধার অভিযানের বিস্তারিত এবং পরবর্তী প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সাম্প্রতিক এই দুর্ঘটনা আবারও পাহাড়ি নদীপথে ভ্রমণের সময় নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব সামনে নিয়ে এসেছে। স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে সাঙ্গু নদীর প্রবল স্রোত ও প্রতিকূল পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের আরও সতর্ক থাকা এবং নৌযান পরিচালনায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন