Thursday, March 5, 2026

ডিক্যাপ্রিওকে পেছনে ফেলে প্রথমবার গোল্ডেন গ্লোব জয়ের গৌরব টিমোথি শ্যালামের


ছবিঃ গোল্ডেন গ্লোব হাতে টিমোথি শ্যালামে (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

হলিউডের এই সময়ের সবচেয়ে আলোচিত তরুণ অভিনেতা টিমোথি শ্যালামে অবশেষে গোল্ডেন গ্লোবের মঞ্চে নিজের নাম লেখালেন। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতেছেন তিনি। ‘মার্টি সুপ্রিম’ সিনেমায় অভিনয়ের জন্য মিউজিক্যাল বা কমেডি বিভাগে সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন শ্যালামে।

সোমবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটন হোটেলে শুরু হয় গোল্ডেন গ্লোব পুরস্কারের ৮৩তম আসর। সেখানেই বিজয়ীর নাম ঘোষণা হলে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে শ্যালামের ভক্তদের মধ্যে। এ বিভাগে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওসহ একাধিক প্রতিষ্ঠিত অভিনেতা।

জশ সাফদি পরিচালিত ‘মার্টি সুপ্রিম’ ছবিতে এক প্রতিভাবান টেবিল টেনিস খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়ান শ্যালামে। এর আগেও চারবার গোল্ডেন গ্লোবের মনোনয়ন পেয়েছিলেন তিনি, তবে প্রতিবারই ট্রফি হাতছাড়া হয়েছিল। ফলে এবারের জয়টি তাঁর ক্যারিয়ারে বিশেষ তাৎপর্য বহন করছে।

পুরস্কার গ্রহণের সময় আবেগাপ্লুত কণ্ঠে শ্যালামে বলেন, তাঁর জীবনে কৃতজ্ঞতার শিক্ষা বড় ভূমিকা রেখেছে। ছোটবেলা থেকেই বাবার দেওয়া সেই শিক্ষা তাঁকে বারবার ব্যর্থতার পরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, আগের পুরস্কার অনুষ্ঠানগুলোতে খালি হাতে ফেরা এই মুহূর্তের আনন্দ আরও গভীর করে তুলেছে।

বক্তৃতায় পরিচালক জশ সাফদি, চিত্রনাট্যকার এবং সহশিল্পীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্যালামে। তিনি বলেন, এই চরিত্রে অভিনয়ের সুযোগ এবং নিজের ওপর আস্থা রাখার জন্য পরিচালকের প্রতি তিনি বিশেষভাবে ঋণী।

অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রচারণাতেও সক্রিয় ভূমিকা রাখেন শ্যালামে। সেই প্রচেষ্টার সুফলও মিলেছে বক্স অফিসে। মুক্তির পর থেকে ‘মার্টি সুপ্রিম’ বিশ্বব্যাপী ৮৪ মিলিয়ন ডলার আয় করেছে এবং তা এখনো বাড়ছে।

মিউজিক্যাল বা কমেডি বিভাগে সেরা অভিনেতার পুরস্কারের জন্য শ্যালামের সঙ্গে প্রতিযোগিতায় ছিলেন জর্জ ক্লুনি, লিওনার্দো ডিক্যাপ্রিও, ইথান হক, লি বিয়ং-হুন ও জেসি প্লেমন্সের মতো তারকারা। এত শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও জয়ী হওয়াকে নিজের ক্যারিয়ারের বড় অর্জন হিসেবে দেখছেন শ্যালামে।

সমালোচকদের প্রশংসা, ক্রিটিকস চয়েসসহ একাধিক পুরস্কারে সাফল্যের কারণে শুরু থেকেই শ্যালামেকে এই বিভাগের সম্ভাব্য বিজয়ী হিসেবে ধরা হচ্ছিল। গোল্ডেন গ্লোব জয়ের মাধ্যমে সেই প্রত্যাশাই বাস্তবে রূপ নিল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন