Friday, May 22, 2026

ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে এনসিপির মশালমিছিল


ছবিঃ ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মশালমিছিল শেষে এনসিপির সমাবেশ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদ এবং সব ধর্ষণ–হত্যার দ্রুত বিচার দাবিতে মশালমিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর ঢাকা উত্তর মহানগর শাখা। বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

রাত ৯টার দিকে বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে নেতাকর্মীরা মশাল হাতে বাংলামোটর থেকে শাহবাগ পর্যন্ত মিছিল করেন। এ সময় বিভিন্ন স্লোগানে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি বলেন, দেশে একের পর এক নারী ও শিশু নির্যাতনের ঘটনা সমাজকে উদ্বিগ্ন করে তুলেছে। পল্লবীর শিশুসহ বিভিন্ন আলোচিত ঘটনার বিচার নিশ্চিত করতে না পারলে এ ধরনের অপরাধ আরও বাড়বে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সমাজ ও রাজনীতির বিভিন্ন স্তরেও নারীরা হয়রানি ও নিপীড়নের শিকার হচ্ছেন। এ অবস্থার পরিবর্তনে সামাজিক সচেতনতা ও কঠোর বিচার নিশ্চিত করা জরুরি।

সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সদস্যসচিব সাদিয়া ফারজানা। তিনি বলেন, নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন আনতে হবে এবং সমাজে তাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুবশক্তির নেতা তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, ওয়াহিদ আলম, খালেদা আক্তার, নুর আমিন খান, ওয়াহিজ্জামান সুমন, রেহেনা আক্তার, তাহমিনা শারমিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন