Saturday, September 12, 2026

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৭৯০


ছবিঃ দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মৃত দুজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে একজন চট্টগ্রাম বিভাগের সিটি কর্পোরেশন এলাকার বাইরে এবং অন্যজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় চিকিৎসাধীন ছিলেন।

নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি কর্পোরেশন এলাকার বাইরে। এই অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ২৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৬২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬১ জন, খুলনা বিভাগে ৬০ জন, রংপুর বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন এবং বরিশাল বিভাগে ১৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে পুরুষের সংখ্যা ৬৫ দশমিক ৭ শতাংশ এবং নারীর সংখ্যা ৩৪ দশমিক ৩ শতাংশ।

চলতি বছরের শুরু থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৪৯ হাজার ২২০ জন। এ সময়ে রোগটিতে মৃত্যু হয়েছে ১৪১ জনের। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৫ হাজার ৬৪৫ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৪৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে পুরুষের হার বেশি। মোট শনাক্ত রোগীর ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৬ শতাংশ নারী। তবে মৃত্যুর ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। ডেঙ্গুতে মোট মৃতদের ৫২ দশমিক ১ শতাংশই নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত তথ্য অনুযায়ী, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় হাসপাতালে রোগীর চাপও অব্যাহত রয়েছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে সতর্কতা এবং দ্রুত চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন