Friday, June 26, 2026

বিশ্বকাপে স্পষ্ট হচ্ছে নকআউটের চিত্র, রাউন্ড অব ৩২-এ উঠেছে ১৯ দল


ছবিঃ ফুটবল বিশ্বকাপ (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বিশ্বকাপের গ্রুপ পর্ব অর্ধেকের বেশি গড়ানোর আগেই নকআউট পর্বের চিত্র অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। এখন পর্যন্ত ১২টি গ্রুপের মধ্যে ছয়টির খেলা শেষ হয়েছে। এরই মধ্যে ১৯টি দল রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করেছে। বাকি ১৩টি আসনের জন্য লড়াই করছে আরও ২১টি দেশ।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি নকআউট পর্বে উঠবে। পাশাপাশি ১২টি গ্রুপের তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর মধ্যে সেরা আটটি দলও শেষ ৩২-এ খেলার সুযোগ পাবে। আগামী ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে নকআউট পর্বের ম্যাচগুলো।

এ পর্যন্ত গ্রুপ ‘এ’ থেকে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা নকআউট নিশ্চিত করেছে। গ্রুপ ‘বি’ থেকে সুইজারল্যান্ড, কানাডা এবং বসনিয়া ও হার্জেগোভিনা জায়গা করে নিয়েছে। গ্রুপ ‘সি’ থেকে ব্রাজিল ও মরক্কো, গ্রুপ ‘ডি’ থেকে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া পরবর্তী পর্বে উঠেছে।

গ্রুপ ‘ই’ থেকে জার্মানি, আইভরি কোস্ট ও ইকুয়েডর শেষ ৩২-এ পৌঁছেছে। গ্রুপ ‘এফ’ থেকে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেনও নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। এছাড়া গ্রুপ ‘আই’ থেকে ফ্রান্স ও নরওয়ে, গ্রুপ ‘জে’ থেকে আর্জেন্টিনা এবং গ্রুপ ‘কে’ থেকে কলম্বিয়া নকআউট পর্বে খেলার টিকিট পেয়েছে।

নকআউট পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিযোগিতা হবে সম্পূর্ণ সিঙ্গেল-এলিমিনেশন পদ্ধতিতে। অর্থাৎ, প্রতিটি ম্যাচই হবে বাঁচা-মরার লড়াই। নির্ধারিত ৯০ মিনিটে ফলাফল সমতায় থাকলে অতিরিক্ত ৩০ মিনিট খেলা হবে। এরপরও সমতা না ভাঙলে টাইব্রেকারে নির্ধারিত হবে বিজয়ী দল।

অন্যদিকে, গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে আটটি দলের। টুর্নামেন্টে আর দেখা যাবে না তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও এবং জর্ডানকে।

এখনও কয়েকটি গ্রুপের খেলা বাকি থাকায় শেষ ৩২-এর বাকি স্থানগুলো নিয়ে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো শেষ হওয়ার পরই পূর্ণ হবে নকআউট পর্বের লাইনআপ। এরপরই শুরু হবে বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অধ্যায়—শিরোপা জয়ের সরাসরি লড়াই।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন