- ১৬ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম
বিএনপি ও জামায়াতের মধ্যকার রাজনৈতিক দূরত্ব সংঘাতে রূপ নিলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে লাভবান হতে পারে বলে মন্তব্য করেছেন মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিরোধী শক্তিগুলোর মধ্যে সংঘাত বাড়লে সেটি ভবিষ্যতে বড় সংকট তৈরি করতে পারে।
শুক্রবার চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সংগঠক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঞ্জু বলেন, অতীতে বিএনপি ও জামায়াত রাজনৈতিকভাবে একসঙ্গে কাজ করলেও বিভিন্ন সময় তাদের মধ্যে দূরত্ব ও সংঘাত তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেন, নব্বইয়ের দশকে শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক বিরোধের কারণে দুই দলের সম্পর্কের অবনতি ঘটে এবং পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতিতে তার প্রভাব পড়ে।
তিনি বলেন, বর্তমানে আবারও দুই দলের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে। এ ধরনের বিরোধ যদি সহিংসতা বা বড় রাজনৈতিক সংঘাতে রূপ নেয়, তাহলে আওয়ামী লীগ সেই পরিস্থিতি থেকে রাজনৈতিক সুবিধা নিতে পারে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবি পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা বাড়ছে এবং ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ কোন্দলও পরিস্থিতিকে জটিল করে তুলছে। এসব বিষয় দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।
পুলিশ প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়েও মন্তব্য করেন মঞ্জু। তিনি বলেন, অতীতে যেভাবে পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহারের অভিযোগ ছিল, সেই পরিস্থিতি আবার ফিরে আসার শঙ্কা দেখা যাচ্ছে। পাশাপাশি বিচার বিভাগ ও দুর্নীতি দমন ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে সরকারের উদ্যোগ পর্যাপ্ত নয় বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাম ফারুক। সমাবেশ পরিচালনা করেন সৈয়দ আবুল কাশেম। এছাড়া বক্তব্য দেন সিদ্দিকুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশে তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।