Sunday, May 17, 2026

বাণিজ্যচুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে কোনো আলোচনা হয়নি: শফিকুর রহমান


ছবিঃ রংপুরে সুধী সমাবেশে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন জামায়াতের আমির শফিকুর রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। রংপুর

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যচুক্তির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

শুক্রবার বিকেলে রংপুরে এক সুধী সমাবেশে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা দাবি করেছিলেন, বাণিজ্যচুক্তির বিষয়টি বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি জামায়াতও জানত এবং তারা এ নিয়ে কোনো আপত্তি তোলেনি। এ প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, সরকারের পক্ষ থেকে কেউ এ বিষয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। তিনি জোর দিয়ে বলেন, দলটির অবস্থান এখনো একই রয়েছে।

গণভোটের পক্ষে জনগণের মতামত উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দলটি সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন চালিয়ে যাবে। এ ইস্যু কখনো পরিত্যক্ত হবে না বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্র পরিচালনায় সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, জনগণ বিশেষ করে তরুণ সমাজ রাষ্ট্রের রূপান্তর চায়। কিন্তু অন্তর্বর্তী সরকারের জারি করা বেশ কিছু অধ্যাদেশ বর্তমান সরকার বাতিল করেছে বলে তিনি অভিযোগ করেন। আলোচনার সুযোগ না দেওয়ায় তাদের দল সংসদ থেকে ওয়াকআউট করেছে বলেও জানান তিনি।

সরকারের বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকার পরও বিভিন্ন জেলায় প্রশাসক নিয়োগ দেওয়া প্রশ্নের জন্ম দিয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তনের বিষয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন।

উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলকে কৃষির প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে পদ্মা ব্যারেজ প্রকল্পকে স্বাগত জানিয়ে তিনি বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্যার বিকল্প হিসেবে এটি বিবেচিত হতে পারে না।

পরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ টি এম আজম খান। সমাবেশে রংপুর সিটি করপোরেশন মেয়র পদে আজম খানকে দলীয় প্রার্থী হিসেবেও ঘোষণা করা হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন