- ৩০ আগস্ট, ২০২৬
ফারাক্কা বাঁধকে বাংলাদেশের জন্য “মরণফাঁদ” আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অভিন্ন নদীগুলোর ওপর একতরফাভাবে বাঁধ নির্মাণ ও পানি প্রত্যাহার দেশের পরিবেশ, কৃষি ও জীববৈচিত্র্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। ‘ফারাক্কা দিবস’ উপলক্ষে শুক্রবার (১৬ মে) দেওয়া এক বাণীতে তিনি এসব মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক আইন ও কনভেনশনের প্রতি যথাযথ সম্মান না দেখিয়ে ভারত বাংলাদেশমুখী ৫৪টি অভিন্ন নদীর প্রবাহে বিভিন্ন স্থানে বাঁধ নির্মাণ করেছে। এর ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং বাংলাদেশ ক্রমেই পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে পানি সংকটের কারণে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মরুকরণের লক্ষণ দেখা দিচ্ছে। কৃষি উৎপাদন, পরিবেশগত ভারসাম্য এবং স্থানীয় জীববৈচিত্র্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
ফারাক্কা দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, প্রায় পাঁচ দশক আগে মাওলানা আবদুল হামিদ খান ভাসানী–এর নেতৃত্বে গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে ঐতিহাসিক লংমার্চ অনুষ্ঠিত হয়েছিল। সেই আন্দোলনের মাধ্যমে বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনায় আসে।
তিনি দাবি করেন, অতীতে তৎকালীন সরকার জনগণের মতামত উপেক্ষা করে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দিয়েছিল। পরবর্তীতে সেটি স্থায়ী রূপ নেওয়ায় বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি সংকট তৈরি হয়েছে।
মির্জা ফখরুল বলেন, পানি সংকট শুধু পরিবেশগত নয়, এটি মানবিক ও অর্থনৈতিক সংকটও সৃষ্টি করছে। তাই অভিন্ন নদীর পানিবণ্টনে আন্তর্জাতিক ন্যায্যতা নিশ্চিত করা জরুরি বলে তিনি মত প্রকাশ করেন।