Wednesday, July 15, 2026

বান্দরবানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবে সরকার: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত


ফাইল ছবিঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। বান্দরবান 

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের পরিবারগুলোর পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, যেসব ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে, সেগুলো সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

বুধবার (১৫ জুলাই) সকালে বান্দরবান শহরের বালাঘাটা আমবাগান এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলো। তাই এসব ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের ধাপে ধাপে নিরাপদ স্থানে স্থানান্তর ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে ভবিষ্যতে বন্যা ও পাহাড়ধসসহ বিভিন্ন দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে।

তিনি আরও জানান, বান্দরবান শহরের পানি নিষ্কাশন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবাহপথ মেক্সি খাল পুনরুদ্ধারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দীর্ঘদিন ধরে খালটির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার ঝুঁকি বেড়েছে। খালটি পুনরুদ্ধার করা গেলে শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা আরও কার্যকর হবে এবং ভবিষ্যতে এমন দুর্ভোগ অনেকাংশে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসনও মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন