- ১৫ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ভাঙা ব্রিজ এলাকায় ঝটিকা মিছিলের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ১৩ জনকে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ। অভিযানের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা থেকে রাতের মধ্যে ৩৫ থেকে ৪০ জনের একটি দল ব্যানার ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে আকস্মিক মিছিল করে। মিছিল শেষ হওয়ার পর অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায়। পরে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— সাগর মোল্লা, মোহাম্মদ আলী, রাজু আহম্মেদ, ওলিল মিয়া, রাজীব সরকার, প্রদীপ কুন্ড, শহীদ হোসেন, রতন কুমার রাজবংশী, মোকসেদুর রহমান সোহাগ, হৃদয় হোসেন, জীবন সাহা, মোকাম্মেল হোসেন এবং সজীব মিয়া।
পুলিশের তথ্যমতে, গ্রেফতারদের মধ্যে চারজন সাভার বাসস্ট্যান্ড এলাকার রেন্ট-এ-কার প্রতিষ্ঠানের চালক। বাকি নয়জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে দাবি করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, ঝটিকা মিছিলের খবর পাওয়ার পরই মহাসড়কের বিভিন্ন স্থানে নজরদারি ও অভিযান জোরদার করা হয়। অভিযানের সময় কয়েকজনকে আটক করা সম্ভব হলেও আরও কয়েকজন পাশের জলাশয় সাঁতরে পালিয়ে যান।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বেশির ভাগই সাভার পৌর এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে তারা স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতার অনুসারী বলে তথ্য পাওয়া গেছে।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বুধবার সকালে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে পলাতকদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঝটিকা মিছিলের ঘটনায় জড়িত অন্যদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।