Thursday, August 27, 2026

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারব: বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী কেপ ভার্দের প্রেসিডেন্ট


ছবিঃ কেপ ভার্দ দেশটির প্রেসিডেন্ট জোস মারিয়া নেভেস (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসে ভরপুর কেপ ভার্দে। দলটির প্রতি আস্থা রেখে সরাসরি জয়ের ভবিষ্যদ্বাণী করেছেন দেশটির প্রেসিডেন্ট জোস মারিয়া নেভেস।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেভেস বলেন, তার বিশ্বাস কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়তে সক্ষম হবে।

তিনি বলেন, ‘আমার বিশ্বাস, আমরা ১-০ ব্যবধানে জিতব। আমরা মাঠে নামব শুধুই জয় পাওয়ার লক্ষ্য নিয়ে। যখন কোনো দলের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা থাকে না, কিন্তু সেই দলের জয়ের ইচ্ছা প্রবল থাকে, তখন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে।’

মাত্র সাড়ে পাঁচ লাখেরও কম জনসংখ্যার দেশ কেপ ভার্দে এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের মূল পর্বে অংশ নিচ্ছে। অভিষেক আসরেই তারা চমক দেখিয়ে কঠিন গ্রুপ থেকে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। উরুগুয়ে, স্পেন ও সৌদি আরবের মতো শক্তিশালী প্রতিপক্ষকে পেছনে ফেলে শেষ ৩২ নিশ্চিত করায় দলটির আত্মবিশ্বাস এখন তুঙ্গে।

প্রেসিডেন্ট নেভেস মনে করেন, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি তাদের বিশ্বকাপ অভিযানের একটি স্বাভাবিক অগ্রগতি। তার ভাষায়, কেপ ভার্দে শুধু অংশগ্রহণের জন্য বিশ্বকাপে আসেনি; নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতেই এই মঞ্চে নেমেছে।

তিনি আরও বলেন, আর্জেন্টিনা ও লিওনেল মেসির মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও একই মানসিকতা, একই দৃঢ়তা এবং পরের রাউন্ডে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তার দল।

বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের মায়ামির রক গার্ডেন স্টেডিয়ামে। একদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে অভিষেক আসরেই নজরকাড়া পারফরম্যান্স দেখানো কেপ ভার্দে—দুই দলের লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ ইতোমধ্যেই তুঙ্গে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন