Wednesday, July 1, 2026

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগা সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’


ছবিঃ ‘সুলতান সালাহাউদ্দিন আইয়ুবি’–এর পোস্টার থেকে (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

তুরস্কের বহুল আলোচিত ঐতিহাসিক মেগা সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’ এবার বাংলা ভাষায় উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শক। নাগরিক টিভি ও ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গের যৌথ উদ্যোগে আগামী ২ আগস্ট থেকে সিরিজটির বাংলা ডাব সংস্করণ সম্প্রচার শুরু হবে।

মঙ্গলবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, ২ আগস্ট থেকে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাগরিক টিভিতে এবং রাত ৯টায় বঙ্গ প্ল্যাটফর্মে প্রচারিত হবে জনপ্রিয় এই সিরিজ।

মূল তুর্কি ভাষায় নির্মিত ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ সিরিজটি মুসলিম বিশ্বের অন্যতম কিংবদন্তি সেনাপতি ও শাসক সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন, নেতৃত্ব এবং জেরুজালেম পুনরুদ্ধারের ঐতিহাসিক অভিযানের গল্পকে কেন্দ্র করে নির্মিত। এতে তুলে ধরা হয়েছে রাজনৈতিক কূটনীতি, সামরিক কৌশল, ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম এবং এক বীর নেতার নেতৃত্বগুণ।

ঐতিহাসিক পটভূমিকে জীবন্ত করে তুলতে সিরিজটিতে ব্যবহার করা হয়েছে বিশাল সেট, আধুনিক সিনেমাটোগ্রাফি, বাস্তবধর্মী যুদ্ধদৃশ্য এবং আন্তর্জাতিক মানের নির্মাণশৈলী, যা ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

সংবাদ সম্মেলনে বঙ্গের হেড অব কনটেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সালাহউদ্দিন আইয়ুবির জীবনগাথা বাংলা ভাষায় দর্শকদের সামনে তুলে ধরতে পেরে তারা আনন্দিত। তার আশা, ইতিহাস, অ্যাকশন, রাজনীতি ও আবেগের সমন্বয়ে নির্মিত এই সিরিজ দেশের দর্শকদের কাছে ব্যাপক সাড়া ফেলবে।

নাগরিক টিভির ব্যবস্থাপনা পরিচালক নাভিদুল হক বলেন, দর্শকদের জন্য আন্তর্জাতিক মানের এবং রুচিসম্মত বিনোদন পৌঁছে দেওয়ার ধারাবাহিকতার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বঙ্গের সঙ্গে যৌথভাবে সিরিজটি প্রচারের মাধ্যমে দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নাগরিক টিভির হেড অব প্রোগ্রাম কামরুজ্জামান বলেন, ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’ কেবল একটি বিনোদনমূলক সিরিজ নয়, এটি ইতিহাসভিত্তিক একটি শক্তিশালী নাট্য উপস্থাপনা। বাংলা ডাবিং ও উপস্থাপনায় এমনভাবে কাজ করা হয়েছে, যাতে দর্শক সহজেই গল্পের আবহ, চরিত্র এবং ঐতিহাসিক ঘটনাপ্রবাহের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পারেন।

আয়োজকদের প্রত্যাশা, বাংলা ভাষায় সম্প্রচারের মাধ্যমে সিরিজটি ইতিহাসপ্রেমী ও সাধারণ দর্শক—উভয়ের কাছেই সমানভাবে জনপ্রিয়তা অর্জন করবে এবং দেশের টেলিভিশন ও ডিজিটাল বিনোদন অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন