Wednesday, July 29, 2026

যুক্তরাষ্ট্রের গুনভরের কাছ থেকে এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন


ছবিঃ যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে সরকারের নীতিগত অনুমোদন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গুনভর ইউএসএ এলএলসির কাছ থেকে স্বল্প ও দীর্ঘমেয়াদে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

প্রস্তাবটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মাধ্যমে উত্থাপন ও বাস্তবায়ন করবে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন—পেট্রোবাংলা।

বৈঠক সূত্রে জানা গেছে, বর্তমানে সরকার-টু-সরকার ভিত্তিতে কাতার, ওমান, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে মোট সাতটি চুক্তির আওতায় বাংলাদেশ এলএনজি আমদানি করছে।

দেশের বিদ্যমান গ্যাসের চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতে ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনায় নিয়ে সরকার নতুন করে এলএনজি আমদানির উদ্যোগ নিয়েছে। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি চুক্তির পাশাপাশি স্বল্পমেয়াদি ভিত্তিতেও অতিরিক্ত এলএনজি সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে গুনভর ইউএসএ এলএলসি ২০২৬ সাল থেকে ২০৩৯ সাল পর্যন্ত ১৩ বছর মেয়াদে বাংলাদেশে এলএনজি সরবরাহের প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রতি বছর ছয়টি এলএনজি কার্গো সরবরাহ করবে।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে গুনভরের প্রস্তাবটি জিটুজি চুক্তির আওতায় পরবর্তী প্রক্রিয়ার জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থায় অতিরিক্ত উৎস যুক্ত হবে। বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও অন্যান্য খাতে গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলায় দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ চুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন