Monday, July 27, 2026

জ্বালানি থেকে ব্লু ইকোনমি, বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন পরিকল্পনা সরকারের


ফাইল ছবিঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বাংলাদেশের সমুদ্রভিত্তিক অর্থনীতি বা ব্লু ইকোনমিতে বিনিয়োগে ইউরোপের বিভিন্ন দেশের আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, সম্ভাবনাময় এ খাতে বিনিয়োগের বিষয়ে ইতোমধ্যেই বেশ কয়েকজন বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতির রোডম্যাপ’ শীর্ষক সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দেশে বৈদেশিক বিনিয়োগের পরিবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী স্বীকার করেন, বর্তমানে বিনিয়োগকারীদের জন্য কিছু বাস্তব চ্যালেঞ্জ রয়েছে। তার মতে, এসব প্রতিবন্ধকতা শুধু বিদেশি উদ্যোক্তাদের জন্য নয়, দেশের বিনিয়োগকারী এবং বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের জন্যও সমানভাবে প্রযোজ্য।

তিনি বলেন, দীর্ঘদিনের নানা কাঠামোগত সমস্যার কারণে দেশের অর্থনীতি, বিশেষ করে ব্যাংকিং খাত ও পুঁজিবাজার বড় ধরনের সংকটের মুখে পড়েছে। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার করে আরও কার্যকর ও গতিশীল কাঠামো গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে।

নতুন বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে সরকার কয়েকটি খাতকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান শামা ওবায়েদ ইসলাম। তার ভাষ্য অনুযায়ী, জ্বালানি খাতের পাশাপাশি তৈরি পোশাক, টেক্সটাইল, কৃষি, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প এবং রপ্তানিমুখী উৎপাদন খাতে বিদেশি বিনিয়োগের বড় সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, দেশের কুটির শিল্প, সৃজনশীল অর্থনীতি, প্রান্তিক জনগোষ্ঠীর উদ্যোক্তা উন্নয়ন এবং শিল্প-সংস্কৃতিনির্ভর খাতেও বিনিয়োগের সম্ভাবনা তৈরি হচ্ছে। একই সঙ্গে খেলাধুলা সংশ্লিষ্ট অবকাঠামো ও শিল্পেও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ব্লু ইকোনমির প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, সমুদ্রসম্পদকে কেন্দ্র করে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ খাতকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং ইউরোপের বিভিন্ন দেশ ইতোমধ্যেই এতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।

তিনি জানান, শুধু ইউরোপ নয়, চীন, জাপান ও যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশের বিনিয়োগকারীরাও বাংলাদেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এ বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। তার মতে, বৈদেশিক বিনিয়োগ একটি দীর্ঘমেয়াদি ও ধারাবাহিক প্রক্রিয়া, যা আস্থা, নীতিগত স্থিতিশীলতা এবং অনুকূল ব্যবসায়িক পরিবেশের ওপর নির্ভরশীল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন