Tuesday, July 28, 2026

বিশ্বকাপ ফাইনালের বাঁশির পরই অবসর, রেফারিং ক্যারিয়ারের ইতি টানলেন স্লাভকো ভিনচিচ


ছবিঃ স্লাভকো ভিনচিচ (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল পরিচালনার মাত্র এক সপ্তাহের মাথায় আন্তর্জাতিক রেফারিং থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালে দায়িত্ব পালনের মধ্য দিয়েই শেষ হলো তার দীর্ঘ ও সফল রেফারিং ক্যারিয়ার।

স্লোভেনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে ৪৬ বছর বয়সী এই রেফারির অবসরের বিষয়টি নিশ্চিত করেছে। ফলে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালই হয়ে থাকল ভিনচিচের ক্যারিয়ারের শেষ ম্যাচ।

গত ১৯ জুলাই অনুষ্ঠিত সেই ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ম্যাচজুড়ে কঠোর রেফারিংয়ের জন্য আলোচনায় ছিলেন ভিনচিচ। তিনি পাঁচটি হলুদ কার্ড ও একটি লাল কার্ড প্রদর্শন করেন, যার সবগুলোই দেখানো হয় আর্জেন্টিনার খেলোয়াড়দের।

ফুটবল পরিসংখ্যানে ভিনচিচকে অনেক আর্জেন্টাইন সমর্থক ‘অপয়া’ হিসেবেও আখ্যা দিয়েছেন। কারণ, গত দুটি বিশ্বকাপে আর্জেন্টিনা যে দুটি ম্যাচে পরাজিত হয়েছে, দুটিতেই দায়িত্বে ছিলেন এই স্লোভেনিয়ান রেফারি। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের অপ্রত্যাশিত হার এবং ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোলের পরাজয়—দুই ম্যাচেই প্রধান রেফারি ছিলেন তিনি।

২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে স্বীকৃতি পাওয়ার পর ইউরোপীয় ও আন্তর্জাতিক ফুটবলের অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচ। ক্লাব ফুটবলেও রয়েছে তার সমৃদ্ধ অভিজ্ঞতা। ২০২২ সালের উয়েফা ইউরোপা লিগের ফাইনাল এবং ২০২৪ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও তিনি প্রধান রেফারির দায়িত্ব পালন করেন।

২০২৬ বিশ্বকাপে তিনি ফাইনালসহ মোট চারটি ম্যাচ পরিচালনা করেন। পুরো টুর্নামেন্টে তার পারফরম্যান্স প্রশংসিত হলেও ফাইনালে নেওয়া কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিতর্কও সৃষ্টি হয়।

দীর্ঘ দেড় দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ সব টুর্নামেন্টে দায়িত্ব পালন করে নিজেকে অন্যতম অভিজ্ঞ রেফারি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন স্লাভকো ভিনচিচ। বিশ্বকাপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ম্যাচ পরিচালনার মধ্য দিয়েই তিনি পেশাদার রেফারিং ক্যারিয়ারের পর্দা নামালেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন