- ২৭ জুলাই, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল মাঠে নিজের অসাধারণ নৈপুণ্যে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারের শেষভাগে এসে এবার বিনোদন অঙ্গনে নতুন এক যাত্রা শুরু করছেন পর্তুগিজ এই সুপারস্টার। ব্রিটিশ ফুটবলভিত্তিক টেলিভিশন ড্রামা সিরিজ ‘ডে ওয়ানস’-এ নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। পাশাপাশি বিশেষ একটি চরিত্রে ক্যামেরার সামনেও দেখা যাবে তাকে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সিরিজটি ব্রিটিশ ফুটবলের অজানা বাস্তবতা, প্রতিযোগিতা, ব্যবসায়িক দিক এবং মাঠের বাইরের নানা গল্প নিয়ে নির্মিত হচ্ছে। প্রকল্পটিতে রোনালদোর সঙ্গে যুক্ত হয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি।
নতুন এই উদ্যোগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদো বলেন, এটি তার জীবনের একটি রোমাঞ্চকর নতুন অধ্যায়। মাঠের বাইরেও নতুন নতুন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত হতে তিনি মুখিয়ে আছেন।
সিরিজটির নির্মাণে রোনালদোর সঙ্গী হয়েছেন হলিউডের খ্যাতিমান পরিচালক ম্যাথিউ ভন, যিনি ‘কিংসম্যান’ চলচ্চিত্র সিরিজ নির্মাণের জন্য বিশ্বজুড়ে পরিচিত। চলতি বছর দুজন মিলে ইউআর-মার্ভ স্টুডিওস প্রতিষ্ঠা করেন। সেই প্রতিষ্ঠানের অন্যতম বড় প্রকল্প হিসেবেই ‘ডে ওয়ানস’ নির্মিত হচ্ছে।
রোনালদোকে নিয়ে ম্যাথিউ ভন বলেন, ফুটবল মাঠে রোনালদো এমন সব বাস্তব গল্প তৈরি করেছেন, যা কোনো চিত্রনাট্যকারের পক্ষেও কল্পনা করা কঠিন। এখন সেই অভিজ্ঞতাকে টেলিভিশন ও চলচ্চিত্রের গল্পে রূপ দেওয়ার সুযোগ পেয়ে তিনি রোমাঞ্চিত।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, সিরিজটি জনপ্রিয় কমেডি ‘টেড ল্যাসো’-এর মতো হালকা ধাঁচের হবে না। বরং পেশাদার ফুটবলের কঠিন বাস্তবতা, খেলোয়াড়দের সংগ্রাম, ক্লাব পরিচালনা, এজেন্টদের ভূমিকা এবং ফুটবল শিল্পের অন্তরালের নানা দিক তুলে ধরা হবে।
ইতোমধ্যে ইংল্যান্ডের বার্নেট এফসি-র মাঠে সিরিজটির শুটিং শুরু হয়েছে। বিনোদন অঙ্গনের সংশ্লিষ্টদের ধারণা, বিশ্বের বড় বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে সিরিজটির সম্প্রচারস্বত্ব নিয়ে প্রতিযোগিতা তৈরি হতে পারে। কারণ, ফুটবল ও চলচ্চিত্র—দুই জগতের একাধিক তারকার অংশগ্রহণ এই প্রকল্পকে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
সিরিজটির প্রধান চরিত্র স্ট্যানলি ডালটন, একজন প্রভাবশালী ফুটবল এজেন্ট। এই চরিত্রে অভিনয় করছেন ব্রিটিশ অভিনেতা ডেমিয়ান লুইস, যিনি ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’ সিরিজে অভিনয়ের জন্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিত।
ফুটবলে অবিস্মরণীয় এক ক্যারিয়ারের পাশাপাশি এবার বিনোদন জগতেও নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠের সাফল্যের মতো পর্দার আড়ালেও তিনি কতটা সফল হন, সেটিই এখন দেখার অপেক্ষা।