- ২৭ জুলাই, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা পাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা আহমেদ শরীফ। যুক্তরাষ্ট্রে আয়োজিত নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে তাকে দেওয়া হবে এই বিশেষ সম্মাননা।
আয়োজকরা জানিয়েছেন, কয়েক দশকের অভিনয়জীবনে শক্তিশালী পর্দা উপস্থিতি, বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় এবং বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আহমেদ শরীফকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।
প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিও যৌথভাবে আয়োজন করছে এবারের চলচ্চিত্র উৎসব। আগামী ৩০ জুলাই থেকে নিউইয়র্কে শুরু হবে তিন দিনব্যাপী এই আয়োজন।
উৎসবের প্রথম দিনে প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিলাই’, প্রামাণ্যচিত্র ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’।
পরদিন ৩১ জুলাই দর্শকরা দেখতে পারবেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইশপিতে’ ও ‘দ্য ইন্টারনাল জার্নি’। পাশাপাশি প্রদর্শিত হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’।
উৎসবের তৃতীয় দিনে থাকছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকান ড্রিম’ ও ‘ঈদ মোবারক’। এছাড়া প্রদর্শিত হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিশ্বাস করেন ভাই’ এবং প্রসূন রহমানের নির্মাণ ‘শেকড়’।
আগামী ২ আগস্ট নিউইয়র্কের জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে উৎসবের সমাপনী অনুষ্ঠান। সেখানেই আহমেদ শরীফের হাতে তুলে দেওয়া হবে আজীবন সম্মাননা পুরস্কার।
সমাপনী অনুষ্ঠানে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বাংলা চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতিও দেওয়া হবে। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা গায়কসহ মোট ২০টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে।
নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের এবারের আয়োজনে বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশি চলচ্চিত্র অঙ্গনের নির্মাতা, অভিনয়শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং চলচ্চিত্রপ্রেমীদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।
বাংলাদেশের চলচ্চিত্রে খলচরিত্রসহ নানা ধরনের ভূমিকায় অভিনয় করে দীর্ঘদিন ধরে দর্শকের কাছে পরিচিত মুখ আহমেদ শরীফ। তার অভিনয়শৈলী ও দীর্ঘ ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা বাংলা চলচ্চিত্রের জন্যও একটি বিশেষ মুহূর্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।