Wednesday, July 29, 2026

ইস্টার্ন ব্যাংকের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ


ফাইল ছবিঃ আনিস আহমেদ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বেসরকারি খাতের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট উদ্যোক্তা আনিস আহমেদ। সোমবার থেকে তাঁর নিয়োগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।

ইবিএলের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার আগে আনিস আহমেদ ব্যাংকটির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির (আরএমসি) চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর আনিস আহমেদ বলেন, ইবিএল বর্তমানে ব্যাংকিং সেবার নতুন এক পর্বে প্রবেশ করেছে। এই পরিবর্তনের ধারায় ব্যাংকের পরিচালনা পর্ষদ নারী নেতৃত্বাধীন জ্যেষ্ঠ ব্যবস্থাপনা কাঠামোকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেবে।

তিনি আরও জানান, ব্যাংকের আর্থিক ভিত্তি সুদৃঢ় করার পাশাপাশি প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং ডিজিটাল রূপান্তরের গতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আধুনিক ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার মাধ্যমে ইবিএলকে মানুষের দৈনন্দিন আর্থিক কার্যক্রমের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ব্যাংকিং খাতের বাইরে করপোরেট অঙ্গনেও আনিস আহমেদের পরিচিতি রয়েছে। তিনি সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। বর্তমানে বিশ্বের ২৬টি দেশে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম রয়েছে।

এমজিএইচ গ্রুপ আন্তর্জাতিক পর্যায়ে ফাস্ট ফ্যাশন, ই-কমার্স, অটোমোটিভ এবং ইলেকট্রনিকস খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য সাপ্লাই চেইন সল্যুশন নিয়ে কাজ করছে। এ ছাড়া বেসরকারি কনটেইনার টার্মিনাল, গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমের ডিস্ট্রিবিউটরশিপ, লজিস্টিকস, খাদ্য ও পানীয়ের খুচরা ব্যবসা এবং আর্থিক সেবা খাতেও প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে।

প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগ ও স্টার্টআপ খাতেও আনিস আহমেদের সম্পৃক্ততা রয়েছে। তিনি রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম ‘ওভাই’, ইনসিওরটেক প্রতিষ্ঠান ‘ওয়াদাআ ডট ইনসিওর’ এবং আবাসনভিত্তিক প্ল্যাটফর্ম ‘যাত্রা’র প্রতিষ্ঠাতা।

গত এক দশক ধরে বাংলাদেশে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তাদের বিভিন্ন উদ্যোগে সহায়তা ও পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন তিনি। নতুন চেয়ারম্যান হিসেবে তাঁর নেতৃত্বে ইবিএলের আর্থিক সক্ষমতা, প্রযুক্তিনির্ভর সেবা এবং গ্রাহককেন্দ্রিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন