Monday, July 27, 2026

সেমিকন্ডাক্টর যুদ্ধে চীনের বড় জয়, সিএক্সএমটি-এর শেয়ারে নজিরবিহীন উত্থান


ছবিঃ সাংহাইতে অভিষেকের দিন ৪৬৬% দর বেড়ে চীনের শীর্ষস্থানীয় মূল্যবান কোম্পানির তালিকায় উঠে এল চিপ নির্মাতা প্রতিষ্ঠান CXMT (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

চীনের অন্যতম গুরুত্বপূর্ণ মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান সিএক্সএমটি Corp-এর শেয়ার বাজারে অভিষেকেই নজিরবিহীন উত্থান ঘটেছে। সাংহাই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির প্রথম দিনেই কোম্পানিটির শেয়ার দর বেড়েছে প্রায় ৪৬৬ শতাংশ। এর ফলে বাজারমূল্যের দিক থেকে প্রতিষ্ঠানটি চীনের সবচেয়ে মূল্যবান তালিকাভুক্ত কোম্পানিতে পরিণত হয়েছে।

এশিয়ার চলতি বছরের সবচেয়ে বড় প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করার পর সোমবার সাংহাই বাজারে লেনদেন শুরু করে সিএক্সএমটি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক সেমিকন্ডাক্টর প্রতিযোগিতার মধ্যে চীনের নিজস্ব চিপ শিল্প গড়ে তোলার প্রচেষ্টায় প্রতিষ্ঠানটিকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখা হচ্ছে।

সাংহাইয়ে প্রথম দিনের লেনদেন শেষে সিএক্সএমটি-এর শেয়ার মূল্য দাঁড়িয়েছে ৪৯ ইউয়ানে। যেখানে আইপিওতে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছিল ৮ দশমিক ৬৬ ইউয়ান। দিনের এক পর্যায়ে শেয়ারটির দাম সর্বোচ্চ ৫৫ দশমিক ০৩ ইউয়ানে পৌঁছায়।

শেয়ারের এই উল্লম্ফনের ফলে সিএক্সএমটি-এর বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ৪৮৭ দশমিক ৭৩ বিলিয়ন ডলার)। আইপিও প্রক্রিয়ার সময় কোম্পানিটির মূল্যায়ন ছিল প্রায় ৮৫ দশমিক ৫ বিলিয়ন ডলার।

এই উত্থানের মধ্য দিয়ে সিএক্সএমটি চীনের সবচেয়ে মূল্যবান তালিকাভুক্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিনের বাজার নেতৃত্ব ধরে রাখা ব্যাংকিং জায়ান্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়নাকে (ICBC) পেছনে ফেলেছে।

চীনের প্রযুক্তি খাতে স্বনির্ভরতা বাড়ানোর লক্ষ্যে সিএক্সএমটি-কে একটি কৌশলগত প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডেটা সেন্টার এবং উন্নত প্রযুক্তির জন্য প্রয়োজনীয় মেমোরি চিপ উৎপাদনে প্রতিষ্ঠানটির ভূমিকা গুরুত্বপূর্ণ।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণের কারণে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো উন্নত চিপ প্রযুক্তির প্রবেশাধিকার নিয়ে চ্যালেঞ্জের মুখে রয়েছে। এ পরিস্থিতিতে স্থানীয়ভাবে চিপ উৎপাদন সক্ষমতা বাড়াতে সিএক্সএমটি-এর মতো প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ভরতা বাড়ছে।

সোমবার সিএক্সএমটি-এর শেয়ারে প্রায় ১৪১ দশমিক ১ বিলিয়ন ইউয়ান মূল্যের লেনদেন হয়েছে। চীনা গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এক দিনে ১০০ বিলিয়ন ইউয়ানের বেশি লেনদেন হওয়া প্রথম এ-শেয়ার কোম্পানি হয়েছে প্রতিষ্ঠানটি।

সিএক্সএমটি-এর বাজারে অভিষেক বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের প্রমাণ দিলেও এর মূল্যায়ন নিয়ে সতর্ক করেছেন অনেক বিশ্লেষক।

মর্নিংস্টারের ইক্যুইটি বিশ্লেষক জিং জি ইউ বলেন, চীনা বিনিয়োগকারীরা বর্তমানে মেমোরি চিপ খাতের সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ হিসেবে সিএক্সএমটি-কে দেখছেন। তবে প্রথম দিনের এই উত্থান অতিরিক্ত বলেও মন্তব্য করেন তিনি।

তার মতে, মেমোরি চিপ বাজার স্বভাবগতভাবেই চক্রাকার এবং দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নিষেধাজ্ঞা প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধিতে চাপ তৈরি করতে পারে।

হেজ ফান্ড ম্যানেজার ইউয়ান ইউওয়েই বলেন, সিএক্সএমটি-এর শেয়ার মূল্য বর্তমানে অতিরিক্ত ব্যয়বহুল এবং এতে জল্পনামূলক প্রবণতার ঝুঁকি রয়েছে। বিনিয়োগকারীদের এই উচ্ছ্বাস দীর্ঘমেয়াদে টিকে থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

বর্তমানে বিশ্বজুড়ে মেমোরি চিপের সরবরাহ সংকট রয়েছে। প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্সের বিশ্লেষক এলি ওয়াং বলেন, ২০২৭ সালের শেষ পর্যন্ত মেমোরি চিপের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে।

তিনি বলেন, সরবরাহ সংকটের কারণে অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান বিকল্প সরবরাহকারীর সন্ধান করছে, যা সিএক্সএমটি-এর জন্য নতুন ব্যবসার সুযোগ তৈরি করতে পারে।

সিএক্সএমটি জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চাহিদা বৃদ্ধির কারণে মেমোরি চিপ বাজারে নতুন গতি এসেছে। তবে AI খাতে বিনিয়োগ কমে গেলে বা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত উৎপাদন বাড়ালে বাজার দুর্বল হতে পারে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

সিএক্সএমটি এবারের আইপিও থেকে প্রায় ৫৭ দশমিক ৯২ বিলিয়ন ইউয়ান (প্রায় ৮ দশমিক ৬ বিলিয়ন ডলার) সংগ্রহ করেছে, যা চীনের মূল ভূখণ্ডের সেমিকন্ডাক্টর খাতে সবচেয়ে বড় আইপিও।

প্রতিষ্ঠানটি আশা করছে, চলতি বছরের প্রথমার্ধে তাদের আয় ১১০ থেকে ১২০ বিলিয়ন ইউয়ানে পৌঁছাবে, যা আগের বছরের তুলনায় সাত গুণের বেশি। একই সময়ে ৬৬ থেকে ৭৫ বিলিয়ন ইউয়ান পর্যন্ত নিট মুনাফার প্রত্যাশা করছে কোম্পানিটি।

তবে বাজার বিশ্লেষকদের মতে, সিএক্সএমটি-এর এই অভাবনীয় উত্থান যেমন চীনের প্রযুক্তি খাতে বিনিয়োগকারীদের আস্থা দেখাচ্ছে, তেমনি ভবিষ্যতে মূল্যায়নের স্থায়িত্ব ও বৈশ্বিক প্রতিযোগিতার চাপও প্রতিষ্ঠানটির জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন